Posts

নিউজ

হান কাং এর 'উই ডু নট পার্ট' জিতেছে এনবিসিসি অ্যাওয়ার্ড

March 28, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
24
View

নোবেলজয়ী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং এর উপন্যাস 'উই ডু নট পার্ট' ফিকশন বিভাগে ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল (এনবিসিসি) অ্যাওয়ার্ড জিতেছে। ২৬ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত এনবিসিসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় প্রখ্যাত এই লেখককে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

'উই ডু নট পার্ট' উপন্যাসটি ২০২১ সালের সেপ্টেম্বরে কোরিয়ান ভাষায় প্রথম প্রকাশিত হয়। এরপর ২০২৪ সালে বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। এটি অনুবাদ করেন ই. ইয়েওন এবং পেইজ আনিয়াহ মরিস।    

এনবিসিসির ফিকশন কমিটির সভাপতি হিদার স্কট পার্টিংটন এই উপন্যাসটিকে তীব্র বিষণ্ণতা, নিরানন্দ পরিবেশ এবং কোমল, মায়াবী ও আবেগময় বাক্যবিন্যাসের এক সৃষ্টি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি জেজু গণহত্যার পরবর্তী মানসিক আঘাতের এক সূক্ষ্ম চিত্রায়ন। এতে ধ্বংসের মধ্যে সৃষ্টি ও সত্য নিয়ে এক গভীর ভাবনা রয়েছে। এই শৈল্পিক উপন্যাসটি এক আবহপূর্ণ, চিত্তাকর্ষক স্বপ্নের মতো মনে থেকে যায়।

হান কাং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে প্রকাশনা সংস্থা র‍্যান্ডম হাউসের নির্বাহী সম্পাদক ডেভিড এবারশফ পুরস্কারটি গ্রহণ করেন এবং তার পক্ষে বক্তব্য দেন। এই উপন্যাসটি ঐতিহাসিক বিপর্যয়ে জর্জরিত ভঙ্গুর অথচ সহনশীল মানব জীবনকে তুলে ধরেছে এবং তিনজন নারীর দৃষ্টিকোণ থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেজুতে ১৯৪৮ সালে সংঘটিত বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যার মর্মান্তিক ঘটনাকে ফুটিয়ে তুলেছে।  

১৯৪৮ সালের ৩ এপ্রিল জেজু বিদ্রোহ ছিল সামরিক নেতৃত্বাধীন শাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ, যাকে তৎকালীন সরকার একটি কমিউনিস্ট বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছিল। এর ফলে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটে।

উপন্যাসটির ফরাসি সংস্করণ ২০২৩ সালে বিদেশি সাহিত্যের জন্য ফ্রান্সের মর্যাদাপূর্ণ 'প্রি মেদিসি' পুরস্কার এবং ২০২৪ সালে এশীয় সাহিত্যের জন্য 'এমিল গিমে' পুরস্কার লাভ করে। 

উল্লেখ্য, হান কাং ১৯৯৩ সালে কবি হিসেবে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। তিনি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে একাধিক উপন্যাস লিখেছেন। ৫৫ বছর বয়সী এই লেখক ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। প্রথমবার দক্ষিণ কোরিয়ার কোনো লেখক মর্যাদাবান এই পুরস্কার পান। 

সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড 

Comments

    Please login to post comment. Login