ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছে ৬টি বই। এ পুরস্কারটি অনূদিত কথাসাহিত্যের জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কারে পরিণত হয়েছে।
এবারের তালিকায় স্থান পাওয়া ছয়জন লেখকের মধ্যে রয়েছেন ড্যানিয়েল কেলম্যান, মারি এনদিয়ায়ে, ইয়াং শুয়াং-জি, শিদা বাজিয়ার, রেনে কারাবাশ, আনা পাওলা মাইয়া। ১৯ মে লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের বিজয়ী লেখক এবং অনুবাদকের নাম ঘোষণা করা হবে।
এবারের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য মোট ১২৮টি বই জমা পড়েছিল। এই বইগুলো থেকে ২৪ ফেব্রুয়ারি ১৩টি বইয়ের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা থেকে ৬টি বইয়ের সংক্ষিপ্ত তালিকাটি তৈরি করা হয়। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেছেন, এ বছর জমা দেওয়া বইগুলো মূলত রেকর্ড মোট ৩৪টি ভাষায় লেখা হয়েছে। এগুলো বিশ্ব সাহিত্যের বৈচিত্র্যকে তুলে ধরেছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। এক্ষেত্রে পুরস্কারের ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৭ হাজার ৫০০ ডলার) লেখক এবং অনুবাদক উভয়েই ভাগাভাগি করে নেন।
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. ‘দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান’- লেখক: শিদা বাজিয়ার; অনুবাদক: রুথ মার্টিন, ভাষা: জার্মান, লেখকের দেশ: জার্মানি (ইরানি বংশোদ্ভূত)
২. ‘দ্য ডিরেক্টর’- লেখক: ড্যানিয়েল কেলমান; অনুবাদক: রস বেনজামিন, ভাষা: জার্মান, লেখকের দেশ: অস্ট্রিয়া ও জার্মান উভয় দেশের নাগরিক
৩. ‘অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ’ - লেখক: আনা পাওলা মাইয়া; অনুবাদক: পদ্মা বিশ্বনাথন, ভাষা: পর্তুগিজ, লেখকের দেশ: ব্রাজিল
৪. ‘দ্য উইচ’ - লেখক: মারি এনদিয়ায়ে; অনুবাদক: জর্ডান স্টাম্প, ভাষা: ফরাসি, লেখকের দেশ: ফ্রান্স
৫. ‘তাইওয়ান ট্রাভেলগ’ - লেখক: ইয়াং শুয়াং-জি; অনুবাদক: লিন কিং, ভাষা: চীনা (তাইওয়ানি ম্যান্ডারিন), লেখকের দেশ: তাইওয়ান
৬. ‘শি হু রিমেইন্স’ - লেখক: রেনে কারাবাশ; অনুবাদক: ইজিদোরা অ্যাঞ্জেল, ভাষা: বুলগেরীয়, লেখকের দেশ: বুলগেরিয়া