Posts

নিউজ

পেন/ফকনার অ্যাওয়ার্ড জিতেছেন পাকিস্তানি লেখক মাহরিন সোহেল

April 8, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
26
View

চলতি বছরের পেন/ফকনার অ্যাওয়ার্ড জিতেছেন পাকিস্তানি লেখক মাহরিন সোহেল। পেন/ফকনার ফাউন্ডেশন সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পুরস্কার বিজয়ী এই লেখকের নাম ঘোষণা করেছে। 

মাহরিন তার ছোটগল্প সংকলন ‘স্মল স্কেল সিনার্স’ এর জন্য পুরস্কারটি জিতেছেন। ১৩৬ পৃষ্ঠার এ বইটি ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। এই বইয়ের গল্পগুলো কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শিশু সৈনিকদের প্রশিক্ষণ শিবির পর্যন্ত বিভিন্ন পটভূমিতে রচিত। এতে তিনি তীক্ষ্ণ ও মর্মস্পর্শী গদ্যের মাধ্যমে মানবজীবনের প্রেক্ষাপট অন্বেষণ করেছেন। বইটি লেখকের প্রথম ছোটগল্প সংকলন।    

৬ মে ওয়াশিংটন ডিসির মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়াল লাইব্রেরিতে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে মাহরিনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন ১৫ হাজার মার্কিন ডলার। 

এদিকে পেন/ফকনার পুরস্কার কমিটির সভাপতি লরেন ফ্রান্সিস-শর্মা এক বিবৃতিতে বলেছেন, তীক্ষ্ণ ও মর্মস্পর্শী গদ্যের মাধ্যমে ‘স্মল স্কেল সিনার্স’ বইটি মানব জীবনের প্রতিটি দিককে ধারণ করার এক জাদুকরী কৃতিত্ব দেখিয়েছে, যা প্রায় প্রতিটি জীবনের গভীরে নিহিত আকাঙ্ক্ষা, ক্রোধ, ভালোবাসাকে উন্মোচন করে।

পাকিস্তানে জন্মগ্রহণকারী মাহরিন সোহেল বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি ‘স্মল স্কেল সিনার্স’ এর গল্পগুলো এক দশক ধরে লিখেছি। এই বইটির মাধ্যমে আমি পৃথিবীতে একজন স্বাধীন নারী হিসেবে টিকে থাকার সম্ভাব্য উপায়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বইটি ধীরে ধীরে পাঠক খুঁজে পাচ্ছে দেখে আমি অভিভূত। এটি পেন/ফকনার অ্যাওয়ার্ডের বিচারকদের মন জয় করতে পারায় আমি অত্যন্ত কৃতজ্ঞ।

উল্লেখ্য, পেন/ফকনার অ্যাওয়ার্ড ১৯৮১ সালে থেকে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের লেখা কথাসাহিত্যের একটি অসামান্য কাজের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর আগে ‘ফিলাডেলফিয়া ফায়ার’ এর জন্য জন এডগার ওয়াইডম্যান, ‘বেল ক্যান্টো’ এর জন্য অ্যান প্যাচেট এবং ‘দ্য বুক অব গুজ’ এর জন্য ইয়ুন লি পুরস্কারটি পেয়েছিলেন।    

সূত্র: কিরকাস   

Comments

    Please login to post comment. Login