Posts

নিউজ

জুলিয়ান বার্নস: জীবনের শেষ বইটি লিখে ফেলেছি

April 10, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
15
View

বুকারজয়ী ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস জানিয়েছেন, তিনি তার জীবনের শেষ উপন্যাস লিখে ফেলেছেন। সম্প্রতি কানাডার সিবিসি রেডিওর বই বিষয়ক অনুষ্ঠান বুকএন্ডস এর সঞ্চালক ম্যাটিয়া রোচকে এই কথা বলেছেন তিনি।   

৮০ বছর বয়সী এই লেখক বলেছেন, ‘আমি ইতোমধ্যেই আমার জীবনের শেষ বইটি লিখে ফেলেছি। আমি মূলত আমার সব সুরই বাজিয়ে ফেলেছি। আমার সব থিমেই আমি একাধিকবার ফিরে এসেছি। আমার কাছে এমন কোনো নতুন ধারণা নেই যা আমাকে বলছে, তোমাকে এটা লিখতেই হবে।’   

এর আগে গত জানুয়ারি মাসে জুলিয়ান বার্নস নিশ্চিত করেছেন যে, তার নতুন উপন্যাস ‘ডিপার্চার(স)’ হবে তার শেষ বই। সে সময় তিনি বলেছেন, 'আমার মনে হচ্ছে, আমি আমার সব সুর বাজিয়ে ফেলেছি।’     

ব্রিটিশ এই লেখক তার ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫টি উপন্যাস ও ১০টি ননফিকশন বই লিখেছেন। তিনি বলেছেন, ‘আপনি কতদিন কাজ চালিয়ে যাবেন, তা বুঝার একটি উপায় হলো, যতদিন তারা আপনার লেখা প্রকাশ করতে থাকবে। কিন্তু এটা বিভ্রান্তিকর হতে পারে। শুধু প্রকাশিত হবে বলেই আমার বই লেখা উচিত নয়। অবশ্য যতক্ষণ না আপনার বলার মতো সবকিছু বলা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত।’  

বার্নসের শেষ উপন্যাস ‘ডিপার্চার(স)’ চলতি বছরের ২০ জানুয়ারি প্রকাশিত হয়। এই বইটি কল্পকাহিনী, প্রবন্ধ এবং স্মৃতিকথার একটি মিশ্রণ। বইতে লেখক নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে কাল্পনিক ঘটনার মিশ্রণ ঘটিয়েছেন। উপন্যাসটির কাহিনী স্টিফেন ও জিনকে কেন্দ্র করে, যারা বিশ্ববিদ্যালয়ে প্রেমে পড়েছিল, এরপর তাদের পথ আলাদা হয়ে যায় এবং এখন ষাটের কোঠায় এসে আবার তারা একত্রিত হন। 

উল্লেখ্য, ১৯৮০ সালে ‘মেট্রোল্যান্ড’ উপন্যাস দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বার্নস। এর আগে তিনি একজন অভিধানকার এবং সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। ২০১১ সালে ‘দ্য সেন্স অব অ্যান এন্ডিং’ উপন্যাসের জন্য তিনি বুকার প্রাইজ পান। এছাড়া তার ‘ফ্লুবার্টস প্যারট’,‘ইংল্যান্ড, ইংল্যান্ড’ এবং ‘আর্থার অ্যান্ড জর্জ’ উপন্যাস তিনটি বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।  

সূত্র: সিবিসি  

Comments

    Please login to post comment. Login