Posts

নিউজ

বার্ডেনের স্মৃতিকথা ‘স্ট্রেঞ্জার্স' নিয়ে বানানো সিনেমায় অভিনয় করবেন গুইনেথ প্যালট্রো

April 12, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
17
View

মার্কিন লেখক বেল বার্ডেনের স্মৃতিকথা ‘স্ট্রেঞ্জার্স: এ মেমোয়ার অব ম্যারেজ’ অবলম্বনে বানানো সিনেমায় অভিনয় করবেন অস্কারজয়ী হলিউড তারকা গুইনেথ প্যালট্রো। সম্প্রতি সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।     

স্মৃতিকথাটি ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। বার্ডেনের স্বামী কোভিড-১৯ লকডাউনের শুরুর দিকে হঠাৎ তাকে ছেড়ে চলে যান। এই বইয়ে লেখক তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের বিবরণ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।     

বইটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় এক নম্বরে ছিল। এটি বার্ডেনের ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসের জন্য লেখা ‘মডার্ন লাভ’ কলামেরই সম্প্রসারিত রূপ। তিনি লিখেছেন, ‘প্রায় তিন বছর পরেও, আমার স্বামী কেন আমাকে ছেড়ে চলে গেল, তা আমি আজও বুঝতে পারিনি। তার অদ্ভুত আচরণ কেবল বাড়তেই থাকল; বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় সে একজন প্রতিপক্ষ হয়ে উঠল। আমাদের সন্তানদের প্রতি সদয় থাকা ও মাঝে মাঝে টেক্সট করে আমার সঙ্গে যোগাযোগ রাখলেও, সন্তানদের যৌথ হেফাজত বা দৈনন্দিন লালন-পালনে অংশ নিতে সে অপারগতা প্রকাশ করেছিল।'

উল্লেখ্য, 'শেক্সপিয়ার ইন লাভ', 'দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি' এবং 'মার্টি সুপ্রিম' এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত গুইনেথ প্যালট্রো এই ছবিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। ছবির চিত্রনাট্য লিখবেন হেইডি শ্রেক। তবে সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনও ঠিক করা হয়নি।    

Comments

    Please login to post comment. Login