লেখক কার্লোস বুলোসানের নামে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পাবলিক লাইব্রেরির নামকরণ করা হবে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলেস লাইব্রেরির লাইব্রেরি কমিশন বোর্ড, ফিলিপিনো- আমেরিকান এই উপন্যাসিক, কবি ও অ্যাক্টিভিস্টের প্রতি সম্মান জানিয়ে ইকো পার্ক ব্রাঞ্চ লাইব্রেরির (ইপিএল) নাম কার্লোস বুলোসান লাইব্রেরি রাখার পরিকল্পনা করছে। বুলোসান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক বলিষ্ঠ কণ্ঠস্বর।
লস অ্যাঞ্জেলেস পাবলিক লাইব্রেরির ইকো পার্ক শাখাটি ঐতিহাসিক ফিলিপিনোটাউনে অবস্থিত। ১৯৩০ এর দশকে বুলোসান পাবলিক লাইব্রেরির বিভিন্ন শাখায় বিচরণ করতেন। সে সময় তিনি যক্ষ্মা, নিঃসঙ্গতা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার সময় বই পড়ে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন।
লাইব্রেরিটি ফিলিপিনো এই লেখকের নামে নামকরণের মাধ্যমে সাহিত্যে অভিবাসীদের অভিজ্ঞতা ও শ্রম অধিকার বিষয়ে তার উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। কার্লোস বুলোসান ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি আর কখনও ফিলিপাইনে ফিরে যাননি এবং তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন।
এদিকে ইংরেজি ভাষায় খুব একটা দক্ষতা না থাকলেও বুলোসান ইংরেজিতেই লেখালেখি শুরু করেন। তিনি প্রথম খ্যাতি অর্জন করেন তার ১৯৪৩ সালের 'দ্য ফ্রিডম ফ্রম ওয়ান্ট' প্রবন্ধের জন্য। এরপর ১৯৪৬ সালে তিনি আত্মজীবনীমূলক উপন্যাস ‘আমেরিকা ইজ ইন দ্য হার্ট’ প্রকাশ করেন। এই বইটি মার্কিন সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ সেপ্টেম্বর মার্কিন প্রবাসী ফিলিপিনো সম্প্রদায় বুলোসানের ৭০তম মৃত্যুবার্ষিকী উদযাপন করবে। এই উপলক্ষে ইকো পার্ক ব্রাঞ্চ লাইব্রেরিটি তার নামে নামকরণ করা হচ্ছে।
সূত্র: ইনকুইরার.নেট