Posts

প্রবন্ধ

জীবনবোধ

April 15, 2026

কু হ ক

Original Author কুহক

116
View

কুয়াশায় ঢেকে যাওয়া ঘুঘু ডাকা এক ভোরে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল -
আমি খেয়াল করলাম, ঘুম ভাঙার দু মিনিট আগে যে প্রিয় মানুষের মুখ আমার স্বপ্নে ভেসে উঠতো আজ সে মুখ আসেনি। আমার বুকে শূন্যতার পাহাড় ভারী হয়নি। 
আমি বিছানার দিকে তাকাতেই খেয়াল করলাম - একটা দেহ এখনও চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। চাদর সরিয়ে দেহ ছুঁতেই আমি আঁতকে উঠলাম। নিস্তব্ধ নিথর এক দেহ। এ দেহে প্রাণ নেই। আমি ধীরে ধীরে এগিয়ে মুখটা দেখতেই, চিৎকারে বিছানা ছেড়ে উঠে দরজার পাশে বসে পড়লাম। আশ্চর্যের বিষয় ! আমার এই চিৎকারে কেউ ছুটে আসে নি। 
আমি প্রচণ্ড চিৎকার করে কাঁদতে শুরু করলাম কিন্তু কেউ একটাবার ছুটে আসেনি আমার কান্না শুনে। 
দশ মিনিট পার হলো। আমি উপলব্ধি করলাম - আমার আর শীতকালে কুয়াশামাখা ভোর দেখা হবে না। আমি আর শরতের আকাশ কিংবা হেমন্তের বিষন্ন বিকেল দেখতে পারব না। সূর্যের বিদায়ে আকাশের বুকে যে রক্তিম আভার সৃষ্টি হয় তা দেখতে পারব না। ঝমঝমিয়ে পড়া বৃষ্টির শব্দ শুনতে পারব না। কিংবা পূর্ণিমার রাত্তিরে চাঁদের জ্যোৎস্নায় স্নান করতে পারব না। 
আমি উপলব্ধি করলাম - আমার প্রিয় শিউলি, কামিনী, বেলী ফুলের ঘ্রাণ মন ভরে নিতে পারব না। একটি চিঠি পাওয়ার আকুলতায় বুক ভাসাতে পারব না। 
আমি উপলব্ধি করলাম - আমার টেবিলের কর্ণারে আমার পছন্দের যে চায়ের কাপটা পড়ে আছে। সেই কাপে আয়েশ করে চুমুক দিয়ে চা পান করা হবে না। কিংবা ঘুম ভাঙার আগ মুহূর্তে প্রিয় মানুষের চেহারা দেখতে পারব না। 
আমি উপলব্ধি করলাম - আমার প্রিয় বারান্দায় বসে বসে গোয়েন্দা সিরিজ কিংবা মিসির আলী সিরিজ পড়া হবে না। আমার বিছানায় আর কোনোদিনও ক্লান্ত শরীর এলিয়ে দিতে পারব না ! 
আমার উপলব্ধি হলো - আব্বু, আম্মু, ভাই, বোন কিংবা ভাগ্নে-ভাগ্নীদের সাথে একই টেবিলে বসে খেতে পারব না। সামান্য বিষয়ে চিৎকার চেঁচামেচি করতে পারব না। রাগ করে ঘরের দরজা দিয়ে কাঁদতে পারব না। 
আমি উপলব্ধি করলাম - এই দুনিয়ার আর কোথাও আমার অস্তিত্ব মিশে থাকবে না। সময়ের সাথে সাথে আমাকে আর কেউ মনে রাখবে না। আমার অপেক্ষায় কেউ বসে থাকবে না। কেউ আর আমার নাম ধরে ডাকবে না।

আমার কান্নার শব্দ আরও প্রবল হলো। এই নিষ্ঠুর সত্য আমি আর মানতে পারছি না। মানতে পারছি না এই দুনিয়ায় “আমি আর বেঁচে নেই”! আমার দেহে আর প্রাণ নেই। আমার নিথর দেহ শুয়ে আছে আমার পছন্দের বিছানায় !

ধীরে ধীরে ঘুঘু পাখির ডাক বন্ধ হলো। মানুষের ভীড় বাড়তে লাগলো। আমার নিথর দেহও চির বিদায় নিলো দুনিয়া হতে। আমার অস্তিত্বও হারিয়ে গেল। ফুরিয়ে গেলো আমার আধভাঙা জীবন !

Comments

    Please login to post comment. Login