একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল ২০২৬ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকার জন্য ১৪টি দেশের ২৫ জন লেখককে নির্বাচিত করেছে। সংক্ষিপ্ত তালিকাটির এশিয়া অঞ্চলে দুই বাংলাদেশি, তিন জন ভারতীয় এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে একজন লেখক জায়গা পেয়েছেন।
কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের ৭ হাজার ৮০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকাটি নির্বাচন করা হয়েছে। ২০২৬ সালের পুরস্কারের জন্য লেখাগুলো গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর অনলাইনে জমা নেওয়া হয়েছিল। কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের এশিয়া অঞ্চলের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ মে এবং জুনের শেষ দিকে সামগ্রিকভাবে বিজয়ীর নাম প্রকাশ করা হবে।
এবারের সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন, যাদের বয়স ২৫ থেকে ৬৮ বছরের মধ্যে। পুরস্কারবিজয়ী লেখক পাবেন ৫ হাজার পাউন্ড এবং আঞ্চলিক বিজয়ীদের প্রত্যেককে আড়াই হাজার পাউন্ড দেওয়া হবে।
২০২৬ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের এশিয়া অঞ্চলের সংক্ষিপ্ত তালিকা নীচে দেওয়া হল:
১. আনমনা মনীষিতা - ‘এ ম্যাসকুলিন ফেস্ট’ (বাংলাদেশ)
২. সাজিদ উল হক আবির - ‘মফিজের রিলেশনে স্পার্ক নাই’ (বাংলাদেশ), ইংরেজিতে অনুবাদ করেছেন অরুণাভ সিনহা ও শবনম নাদিয়া।
৩. শ্যারন অরূপারায়িল - ‘মেহেন্দি নাইটস’ (ভারত)
৪. রাফা দালভি - 'থার্টি-ওয়ান স্টেপস' (ভারত)
৫. রূপসা দে - 'ফাইটিং এলসহোয়ার' (ভারত)
৬. জ্যাকুলিন চ্যাং - ‘দ্য মাইলস বিটুইন আস’ (সিঙ্গাপুর)
৭. মোহাম্মদ নাসের মোহাম্মদ - 'দ্য মিসিং হাফ' (মালয়েশিয়া), মালয় থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন পলিন ফ্যান।