২০২৬ সালের ওয়াল্টার স্কট প্রাইজের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাবটসফোর্ড ট্রাস্ট। ঐতিহাসিক কথাসাহিত্যের জন্য মর্যাদাবান ব্রিটিশ এই সাহিত্য পুরস্কারটি দেওয়া হয়। পুরস্কারটির ১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৫টি উপন্যাসই ব্রিটিশ লেখকদের লেখা।
বিচারকরা বলেছেন, ‘২০২৬ সালের ওয়াল্টার স্কট প্রাইজের সংক্ষিপ্ত তালিকাভুক্ত পাঁচটি উপন্যাস ছোট ও বড় উভয় পরিসরে যাপিত অন্তরঙ্গ জীবনের অনুসন্ধান করে। পাঠকরা এমন সব কণ্ঠস্বর শুনতে পাবেন যা সচরাচর শোনা যায় না, কিন্তু একবার শুনলে তা আর ভোলা যায় না।’
আগামী ১২ জুন স্কটল্যান্ডের ঐতিহাসিক শহর মেলরোসে অনুষ্ঠেয় বর্ডারস বুক ফেস্টিভ্যালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড এবং সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি লেখকরা ১ হাজার ৫০০ পাউন্ড করে পাবেন।
উল্লেখ্য, বিখ্যাত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই পুরস্কারটি চালু করা হয়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। বইগুলো অবশ্যই ইংরেজি ভাষায় লিখিত এবং ৬০ বছরের বেশি আগের প্রেক্ষাপটে রচিত হতে হবে। এটি বিশ্বের হিস্টোরিক্যাল ফিকশন জনরার অন্যতম সম্মানজনক সাহিত্য পুরস্কার।
২০২৬ সালের ওয়াল্টার স্কট প্রাইজের সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. জো হারকিন - 'দ্য প্রিটেন্ডার' (The Pretender)
২. অ্যালিস জলি - 'দ্য ম্যাচবক্স গার্ল' (The Matchbox Girl)
৩. গ্রেম ম্যাক্রে বার্নেট - 'বেনবেকুলা' (Benbecula)
৪. রেচেল সেইফার্ট - 'ওয়ান্স দ্য ডিড ইজ ডান' (Once the Deed is Done)
৫. বেঞ্জামিন উড - 'সিস্ক্র্যাপার' (Seascraper)