Posts

চিন্তা

কাপাসিয়া ট্রাজেডিঃ এমন নৃশংসতা কবে কে দেখেছে আর?

May 9, 2026

ফারদিন ফেরদৌস

51
View

পিতার কাছে সন্তান নিরাপদ না! পরম মমতা ও নির্ভরতার জায়গা নয়! পারিবারিক মূল্যবোধের এমন অবক্ষয় ও তলানি আর কোথাও আছে? এমন ভয়াল নৃশংসতা কাপাসিয়ার আগে কে কবে দেখেছে আর? রাতের নিস্তব্ধতায় একে একে স্ত্রী, তিন সন্তান ও শ্যালকের প্রতি জঘন্য যমদূত হয়ে উঠল নেশাখোর অপরাধী ফোরকান। গোপালগঞ্জ থেকে কাপাসিয়ায় এসে আমাদের এলাকাকে কলুষিত করে গেল সে। আজ কাপাসিয়াবাসীর মুখজুড়ে এক রাশ অন্ধকার। তারা ভাষা হারিয়ে ফেলেছে। মানুষ কী করে পারে নিজের সন্তানের প্রাণ এভাবে কেড়ে নিতে?

গাজীপুরের এই নৃশংস হ'ত্যা'কা'ণ্ডকে একক কোনো কারণে ব্যাখ্যা করা কঠিন; বরং এটি কয়েকটি বিপজ্জনক উপাদানের মিলিত বিস্ফোরণ- মাদকাসক্তির কারণে বিকৃত বিচারবোধ, দাম্পত্যে সন্দেহ ও ঈর্ষা (সম্ভাব্য পরকিয়ার অভিযোগ), নারীর ওপর পুরুষতান্ত্রিক মালিকানাবোধ ও নিয়ন্ত্রণের মানসিকতা, এবং দীর্ঘদিনের দমন করা রাগ -এসব একসঙ্গে কাজ করে সহিংসতাকে চরমে ঠেলে দিতে পারে।

অনেক সময় এই ধরনের মানসিকতায় স্ত্রীকে “সম্মানহানির উৎস” হিসেবে দেখার প্রবণতা, যা Honor Killing ধারণার সঙ্গে মিলে যায়, ধর্মান্ধতা অপরাধীর নিজের কাজকে ন্যায্য ভাবতে প্ররোচিত করে; কিন্তু বাস্তবে এটি কোনো সম্মানের বিষয় নয়, বরং সম্পূর্ণ মানবিক ও নৈতিক পতনের ফল, যেখানে সবচেয়ে নির্মমভাবে নির্দোষ শিশুরাও সহিংসতার শিকার হয়ে যায়।

মোদ্দাকথা ড্রাগ অ্যাডিকশন একজন ব্যক্তির মগজকে প্রেম, স্নেহ, দায়িত্ববোধ ও হিতাহিত জ্ঞানশূন্য করে দিতে পারে। মানুষ তখন জানোয়ারেরও অধম হয়ে উঠে। জানোয়ার কখনোই নিজের সন্তানের এতটুকু অমঙ্গল চিন্তা করে না। বরং সকল ঝড়ঝাপটা থেকে তফাতে রাখে পরম ভালোবাসায়।

বিচারহীনতার সংস্কৃতি যখন মানুষের মগজে গেড়ে বসে, সে যখন দেখে এই দেশে অপরাধ করলে পার পাওয়া যায় -তখন অপরাধী মন নৈতিকতা ও মূল্যবোধের দামে নিজের কুচিন্তাকে তলিয়ে দেখে না। কার্যত যা ঘটার তাই ঘটে চলেছে দেশটায়।

আমাদেরকে অপেক্ষা করতে হবে কাপাসিয়ার রাউতকোণার চেয়েও আরো ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। গবেষণা বলছে দেশে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ৭০ ভাগ আসামি খালাস পায় আর নামকাওয়াস্তে শাস্তি পায় মাত্র ৩ ভাগ।

মাদকাসক্ত, ধর্মান্ধ, মূর্খ ও জ্ঞানহীন কুলাঙ্গারদের জয়জয়কারের এই পরগণায় ঘৃণ্য ফোরকানরা জন্মাবে না তো ফেরেশাতারা জন্মলাভ করবে?

নিজের শিশুদেরকে কী জবাব দেব আমরা? নিজের স্ত্রীর কাছেই বা কীভাবে মুখ দেখাব? আমরা চরমভাবে ব্যর্থ, লজ্জিত এবং মর্মাহত।

লেখক: সাংবাদিক 
৯ মে ২০২৬

Comments

    Please login to post comment. Login