Posts

কবিতা

আমি নারকীয় কবি

May 17, 2026

নারকীয় কবি (লুইন হোসেন)

22
View

আমি ক্ষোভের কবি!
আমি পেটের মধ্যে ঘূর্ণি তুফান-
আমি দ্রব্যমূল্যের ধারালো ছুরি!
আমি সেই কবি,
যে লিখে না-ছিঁড়ে ফেলে পাতাগুলো,
কালি নয়, কলম আমার আগ্নি খেকো।

আমি দেশের বুকে পচন ধরানো শাসকের
সিংহাসনে থুতু ছুঁড়ে মারি!
আমি সালাম দিই না সেই পতাকায়,
যেটা আজ সত্যের বদলে স্বার্থ পূরণকারী!

আমি প্রশ্ন!
যেটা তোরা হজম করতে পারিস না!
আমি সে চিৎকার,
যেটা তোদের গুম বাহিনীও দমন করতে পারে না!
আমি কাগজে ছাপা সংবাদ নই—
আমি দেয়ালে আঁকা রক্তমাখা হাহাকার!

আমি এসেছি,
অর্ধেক খাওয়া দুপুরের পাতে—
শিশুর মুখে ‘চিনির বদলে নুন’,
মায়ের শাড়ির ছেঁড়া কোণে—
যেখানে স্বপ্ন থাকে, কিন্তু থাকে না ঘুম।

আমি সেই শ্রমিক—
যে দশ ঘণ্টা কাজের পরও 
ছেলের স্কুল ফিস দিতে পারি না,
আমি সেই ছাত্র—
যার বই আছে, ঘর নেই,
যে “মেধা তালিকায়” উঠে,
কিন্তু ঘুষ দিতে পারে না!


আমি তাদের কণ্ঠ-
যারা বলার সুযোগ পায় না,
যারা ভোট দেয়,
কিন্তু নাগরিক সুবিধা পায় না।


আমি সে গান,
যেটা গাওয়া মানে রাষ্ট্রদ্রোহ!
আমি সে কবিতা,
যেটা ছাপা হয় না,
কারণ তাতে নাম আছে ক্ষমতার খুনিদের!
যেন এক সত্য প্রকাশক আয়না।


আমি দেশপ্রেমিক—
কিন্তু তোদের মত জুতা চাটা দেশপ্রেম নয়!
আমি বলি—
“দেশ মানে মানুষ,
মানুষ মানে ভাত,
আর যেখানে ভাত নেই—
সেখানে পতাকা,শুধু মাত্র একটি উপহাস!”

আমি নারকীয় কবি,
আমার কণ্ঠে গর্জে উঠছে
আগুনের লেলিহান! 
এটি আমার কবিতা নয়,
কবিতা রাষ্ট্রের মৃত্যুঘণ্টার !

Comments

    Please login to post comment. Login