Posts

চিন্তা

একজন ববি বেগম ও মেথিকান্দা ট্রাজেডি!

July 9, 2026

ফারদিন ফেরদৌস

75
View

বাক্‌প্রতিবন্ধী সত্তরোর্ধ্ব বৃদ্ধা ববি বেগম ২৫ বছর ধরে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে প্ল্যাটফর্ম পরিষ্কার করবর সম্মানী হসেবে পাওয়া ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। সেই টাকার লোভে দুর্বৃত্তরা তাঁকে ঘুম থেকে তুলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে টাকা নিয়ে যায়। অসহায় রাষ্ট্র অবাক তাকিয়ে রয়। যেন তার আর কোনো দায় থাকতে নেই!

জীবদ্দশায় তিনি কোনো কথা বলতে পারেননি, তাই তাঁর অতীত, স্বপ্ন, অপেক্ষা কিংবা শেষ মুহূর্তের আর্তনাদও অজানাই থেকে গেল। তাঁর মৃত্যুতে নেই শোকসভা, নেই মিছিল, হয়তো নামফলকও থাকবে না কবরে। ববির মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় -সমাজের সবচেয়ে প্রান্তিক, আশ্রয়হীন মানুষের জীবন কত সহজেই অবহেলিত পড়ে রয়, আর তাদের নীরব মৃত্যুর দায় এড়িয়ে যেতে আমরা কতটা অভ্যস্ত হয়ে উঠছি।

কোনো কথা না বলেও অনেক কথা বলে গেলেন ববি বেগম। কিন্তু সেসব কথা বুঝার আশা জলাঞ্জলি দিয়ে বসে আছে আমাদের এই রাষ্ট্র।

আমরা যত অত্যাচারী হবো -ততোধিক উদ্যমে গোকুল তার ত্রাতাকে বড় করতে থাকবে। হয়ত একদিন ওই ত্রাতাই ববি হন্তারকের টুটি চেপে ধরবে। অন্যকোনো আশা ভরসা আমাদের নেই।

প্রাচ্য পুরাণে আছে অত্যাচারী রাজা কংস তার বোন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ বধ করতে চেয়েছিলেন, কারণ দৈববাণী হয়েছিল যে সেই শিশুটিই কংসের মৃত্যুর কারণ হবে। এই প্রেক্ষাপট থেকেই  'তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে' প্রবাদটির জন্ম। যার দ্বারা আপনার পতন বা ধ্বংস হবে, সে অলক্ষ্যে বা অগোচরেই বেড়ে উঠছে।

আমরা সবাই এখন আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেটের 'ওয়েটিং ফর গডো' ট্রাজিকমেডির ভ্লাদিমির ও এস্ট্রাগন। অবিরত ও নিস্ফলভাবে গডোর জন্য অপেক্ষা করে আছি। তিনি কবে এসে আমাদের এই ভাঙাচোরা মেথিকান্দাকে নিমজ্জিত অতল গহ্বর থেকে উদ্ধার করবেন।

ববি বেগম -মর্ম যাতনায় ভোগা মানুষ হিসেবে আমরা আপনার কাছে চরম ও পরমভাবে লজ্জিত। আমাদের সামষ্টিক অপরাধের কোনো ক্ষমা নেই, নিদানও নেই। প্রায়শ্চিত্ত আমাদের করুণ নিয়তি। অপমান আমাদের ললাট লিখন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বয়ানে আমাদের সমস্বর কন্ঠ হয়ে উঠেছেন--
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, 
অপমানে হতে হবে তাহাদের সবার সমান! 
মানুষের অধিকারে 
বঞ্চিত করেছ যারে, 
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

লেখক: সাংবাদিক 
৯ জুলাই‌ ২০২৬

Comments

    Please login to post comment. Login