রায়ান প্রতিদিন তার বন্ধু ড্যানির সাথে দেখা করতে যায় ব্রুকলিনের ওশেন স্ট্রিট ধরে হেঁটে গিয়ে কটনউড পার্কের একটি বাড়িতে। ওশেন স্ট্রিট ধরে খানিকটা এগিয়ে গেলেই জিম এর বাড়ি। জিম প্রায়ই বাড়ির জানালা দিয়ে রায়ানকে এ পথ দিয়ে যেতে দেখে। জিম, রায়ানের বন্ধু, একই কলেজে পড়ে। পাশাপাশি সে একজন প্যাশনেট আর্টিস্ট। বেশিরভাগ সময়ই নিজের স্টুডিওতে থেকে ক্যানভাসের সাদা জমিনে তুলির আচড় এঁকে যায় ঘণ্টার পর ঘণ্টা। এক্সক্লুসিভ কোন আর্ট যেটা হতে পারে কোন বিষন্ন নারীর চোখ, মাদকাসক্ত দেহের ক্ষতবিক্ষত ফুসফুস অথবা কর্দমাক্ত লেকের ধারে একাকী ঘাসফুল, এহেনও পটভূমি রচনা করে বিকেলে জানালার ধরে বসে কফি, সিগারেট আর ব্রুকলিনের নির্জনতার সাথে চলে আড্ডা। এমন সময় দেখতে পায় রাস্তা দিয়ে ক্লাসমেট রায়ান হেঁটে যাচ্ছে। রায়ান একা নয়, ওর সাথে একটি মেয়ে। মেয়েটি খুব লিকলিকে গঠনের। ব্ল্যাক জিন্স আর ইয়েলো টপ, সবমিলিয়ে সুন্দরী এবং আকর্ষণীয়।