২০২৬ সালের হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অ্যাওয়ার্ড জিতেছেন ব্রিটিশ শিশুসাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ মাইকেল রোজেন। শিশুসাহিত্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক এই পুরস্কার পান তিনি। শিশুসাহিত্যের নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কারটি প্রদান করে 'ইন্টারন্যাশনাল বোর্ড অন বুকস ফর ইয়ং পিপল' (আইবিবিওয়াই)।
রোজেন 'উই আর গোয়িং অন আ বেয়ার হান্ট' এবং 'চকলেট কেক' এর মতো জনপ্রিয় সব শিশুতোষ বইয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি চতুর্থ ব্রিটিশ লেখক হিসেবে সাহিত্য বিভাগে এই পুরস্কারটি জয় করলেন। এর আগে এলিনর ফারজন, এইডান চেম্বার্স ও ডেভিড অ্যালমন্ড এই পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ইলাস্ট্রেশনের জন্য চলতি বছর এই পুরস্কারটি জিতেছেন চীনের চিত্রশিল্পী কাই গাও।
৪৪টি দেশের ৭৮ জন প্রার্থীর মধ্য থেকে রোজেনকে সম্মানজনক এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী আগস্ট মাসে কানাডার রাজধানী অটোয়ায় জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
এদিকে আইবিবিওয়াই এর জুরি বোর্ড বলেছে, মাইকেল রোজেনের লেখালেখি শিশুদের ভাষাকে গভীরভাবে ধারণ করে এবং এতে কৌতুকের পাশাপাশি আবেগ ও সামাজিক সচেতনতার এক চমৎকার মিশ্রণ রয়েছে।
মাইকেল রোজেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল স্টাডিজ বিভাগে শিশুসাহিত্যের একজন অধ্যাপক। তিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ২০০টিরও বেশি বই লিখেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘উই আর গোয়িং অন আ বেয়ার হান্ট’ (১৯৮৯) এবং ‘স্যাড বুক’ (২০০৪)। তিনি ২০০৭ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত ব্রিটেনের ‘চিলড্রেনস লরিয়েট’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৩ সালে ‘পেন পিন্টার প্রাইজ’ পান।
উল্লেখ্য, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অ্যাওয়ার্ড হলো শিশুসাহিত্যের সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা। 'রূপকথার জাদুকর' হিসেবে পরিচিত ডেনমার্কের লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের নামানুসারে এটি প্রবর্তন করে আইবিবিওয়াই। শিশুসাহিত্যে আজীবন অবদানের জন্য প্রতি দুই বছর পর পর একজন লেখক ও চিত্রকরকে এই পুরস্কার দেওয়া হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান