বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সৎ মা আসে ঘরে, কিন্তু মা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে ওই ভদ্রলোককে কী বলা হয়? সৎ বাবা! ডাকটা বড্ড বেমানান! তবুও নবনীর জীবনে এটা একটা অপ্রিয় সত্যি কথা। আজ তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। এটা নিয়ে তার কোনো আক্ষেপ কিংবা আফসোস কোনোটাই নেই। কেন-ই বা থাকবে? তার বাবা যদি দ্বিতীয় বিয়ে করতে পারে তাহলে মা কেন পারবে না? সুন্দর জীবন-যাপন করার অধিকার কি শুধু বাবার-ই আছে, মায়ের নেই?
দুই বছর ধরে নবনীর বাবা-মায়ের মিউচুয়াল ডিভোর্স হয়েছে। যতই আমরা মিউচুয়াল শব্দটা ব্যবহার করি না কেন, শব্দটা কি জীবনে আসলেই মানানসই? না! একদম মানানসই নয়। কেননা এই রকম বিচ্ছেদে একজন খুশি থাকলেও অন্যজন ঠিকই কষ্ট পায়। হয়তো বুঝতে দিতে চায় না। সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে, সেও ভালো আছে। বিচ্ছেদে তার কিচ্ছু যায় আসে না। কিচ্ছু না! অথচ যায় আসে। অনেক কিছুই যায় আসে! যখন বাবা-মায়ের ডিভোর্স হয়েছিল তখন নবনী ক্লাস নাইনে পড়ে। প্রতি রাতে সে দেখত তার মা নাজমা বেগম লুকিয়ে লুকিয়ে কান্না করে। সকালে চোখ-মুখ ফুলে লাল হয়ে থাকত। নবনী যখন জিজ্ঞেস করত, "তোমার চোখ-মুখ এমন ফুলে গেছে কেন মা?"
মা হাসতেন। শাড়ির আঁচলে দুচোখ ডলে বলতেন, "আর বলিস না! চা খেয়ে খেয়ে অভ্যাস খারাপ করে ফেলেছি। তাই রাতে আর ঘুম-ই আসতে চায় না।"
সব বুঝেও নবনী তখন চুপ করে থাকত। তার বলার মতো কিছুই ছিল না। মাঝে মাঝে সে একটা জিনিসই ভেবে পায় না, এই দুটো মানুষ কো দুজনই দুজনকে ভীষণ ভালোবাসত। প্রেমের বিয়ে ছিল। তাহলে এমনকি হলো যে ভালোবাসা কপূরের ন্যায় উবে গেল! বাবা অন্য একজন মহিলাকে