Posts

নিউজ

শাহরনুশ পারসিপুরের জেল জীবনের স্মৃতিকথা প্রথমবার ইংরেজিতে প্রকাশিত হবে

July 24, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
8
View

প্রখ্যাত ইরানি লেখক শাহরনুশ পারসিপুরের জেল জীবনের স্মৃতিকথা আগামী বছর যুক্তরাজ্যে ইংরেজিতে প্রকাশিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বইটি প্রকাশ করবে পেঙ্গুইন বুকস। নারীবাদী সাহিত্যে প্রথা ভাঙা রচনার কারণে তাকে ৪ বার কারাবরণ করতে হয়েছিল।       

‘প্রিজন মেমোয়ার’ নামের এই বইতে তিনি তার জেল জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। ২০৮ পৃষ্ঠার এই বইটি ২০২৭ সালের ৪ মার্চ প্রকাশিত হওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।  

শাহ এর আমলে ইরানের গোপন পুলিশ বাহিনী ‘সাভাক’ দুজন কবিকে মৃত্যুদণ্ড দেয়। এর প্রতিবাদে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানের প্রযোজকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর পারসিপুরকে প্রথমবারের মতো কারারুদ্ধ করা হয়। পরবর্তীতে আশির দশকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে চার বছর সাত মাস কারাবাসের সাজা ভোগ করতে হয়। 

পারসিপুরকে ইরানের নারী সাহিত্যের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ‘উইমেন উইদাউট মেন’ ও ‘তুবা অ্যান্ড দ্য মিনিং অব নাইট’ এর মতো উপন্যাসের মাধ্যমে দেশটির পিতৃতান্ত্রিক সংস্কৃতির কঠোর সমালোচনা করেছেন। শাহ এর শাসনামল এবং পরবর্তীকালে ইসলামি প্রজাতন্ত্র—উভয় আমলেই তাকে ৪ বার কারাবরণ করতে হয়েছিল।   

উল্লেখ্য, পারসিপুর ৩ জুলাই, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ৮০ বছর বয়সে মারা যান। তিনি ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নির্বাসনে বসবাস করছিলেন। এ বছরের মার্চে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইরানের নারীদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে; তাদের অনেকেই এখন আর হিজাব পরেন না। ইসলামি প্রজাতন্ত্র কী ভাবছে, তা নিয়ে তারা মোটেও মাথা ঘামান না। ইরানের নারীরাই ইসলামি প্রজাতন্ত্রের পতনের কারণ হবেন।’     

Comments

    Please login to post comment. Login