পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন উপন্যাসিক জোশুয়া কোহেনের একটি নতুন উপন্যাস আগামী বছর প্রকাশিত হতে যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন প্রেস এই তথ্য জানিয়েছে।
কোহেনের ‘ডেড হার্জেলস’ উপন্যাসটি বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের ইমপ্রিন্ট পেঙ্গুইন প্রেস ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশ করবে। প্রকাশনা সংস্থাটি এই বইটিকে ‘অসাধারণ এক নতুন উপন্যাস’ এবং ‘পতন ও ধ্বংসের এক মর্মস্পর্শী মহাকাব্য’ হিসেবে উল্লেখ করেছে।
পেঙ্গুইন প্রেস এক বিবৃতিতে বলেছে, 'এটি জোশুয়া কোহেনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস। একটি ক্লাসিকাল ট্র্যাজেডি এবং পারিবারিক বিষয় কীভাবে রাজনৈতিক হয়ে ওঠে, তার এক মর্মস্পর্শী মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাওয়া যাবে এই উপন্যাসে। এটি আমাদের বর্তমান সহিংসতার এক চমৎকার অথচ অন্ধকারাচ্ছন্ন ইতিহাস।'
‘ডেড হার্জেলস’ রাজনৈতিক জায়নবাদের জনক থিওডর হার্জেলের তিন সন্তান ও এক নাতির জীবনের ওপর ভিত্তি করে রচিত একটি কাল্পনিক আখ্যান। তার সব উত্তরসূরিই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছিলেন।
কোহেন, ২০০৫ সালে ‘দ্য কোরাম’ গল্পগ্রন্থের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে তার প্রথম উপন্যাস ‘ক্যাডেনজা ফর দ্য স্নাইডারম্যান ভায়োলিন কনসার্টো' প্রকাশিত হয়। এরপর তিনি ‘ফোর নিউ মেসেজেস’, ‘বুক অব নাম্বারস’ ও ‘মুভিং কিংস’ এর মতো উপন্যাস প্রকাশ করেন।
২০২১ সালে কোহেন ‘দ্য নেতানিয়াহুস' উপন্যাসটি প্রকাশ করেন এবং ২০২২ সালে বইটি কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার পায়। সমালোচকরা বলেছেন, 'এটি এমন একটি উপন্যাস যা একইসাথে উপভোগ্য ও বুদ্ধিদীপ্ত। এটি সত্যিই এক অনবদ্য বই এবং এক অসাধারণ সৃষ্টি।'
সূত্র: কিরকাস