বই পড়ুয়া হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিচিতি রয়েছে। তিনি প্রতি বছর সেরা বই এবং গ্রীষ্মকালীন পড়ার তালিকা প্রকাশ করে থাকেন। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। ৩০ জুলাই সাবেক এই প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে তার পছন্দের বইয়ের একটি তালিকা প্রকাশ করেছেন।
ওবামা লিখেছেন, ‘বছরের সেই সময়টা আবার চলে এসেছে। এই গ্রীষ্মে আমি যেসব বই পড়ে উপভোগ করেছি, তার কয়েকটি এখানে তুলে ধরলাম। আপনারা যদি ভালো কোনো বই পড়ে থাকেন, তবে আমাকে জানাবেন।’
এ বছর গ্রীষ্মকালে পড়ার জন্য ১১টি বই বেছে নিয়েছেন বারাক ওবামা। এর মধ্যে ৭টি উপন্যাসের বই এবং ১টি গল্পসংকলন রয়েছে। এছাড়া তার গ্রীষ্মকালীন পড়ার তালিকায় রেখেছেন ননফিকশনের ৩টি বই।
তিনি ওবামা ফাউন্ডেশনের শেয়ার করা একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন। সেই ভিডিওতে তিনি বই পড়ার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন করেন তিনি। এই সেন্টারে শিকাগো পাবলিক লাইব্রেরির একটি শাখা রয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, পাঠকরা ওবামার গ্রীষ্মকালীন পড়ার তালিকার বইগুলো নিয়ে সাজানো একটি টেবিল থেকে নিজেদের পছন্দের বই বেছে নিচ্ছেন।
বারাক ওবামার ২০২৬ সালের গ্রীষ্মকালীন বইয়ের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. টায়ারি জোন্সের 'কিন'
২. এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’
৩. অ্যান প্যাচেটের ‘হুইসলার’
৪. জর্জ সন্ডার্সের ‘ভিজিল'
৫. ভিনসেন্ট ইউ এর ‘সিক ইমিডিয়েট শেল্টার’
৬. বেন লার্নারের ‘ট্রান্সক্রিপশন’
৭. কোলসন হোয়াইটহেডের ‘কুল মেশিন’
৮. ক্যামিল বোরডাসের ‘ওয়ান সান অনলি’
৯. মাইকেল পোলানের ‘এ ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স'
১০. বেভারলি গেজের ‘দিস ল্যান্ড ইজ ইয়োর ল্যান্ড'
১১. রূপিকা রিসামের ‘ডেটা এম্পায়ার'