কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আর্ডে তার আসন্ন স্মৃতিকথার জন্য মার্কিন প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের কাছ থেকে ১৪ লাখ অর্থ পাওয়ার দাবি করেছেন। তবে এই অর্থ মার্কিন ডলার নাকি ব্রিটিশ পাউন্ডে দেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
আর্ডের স্মৃতিকথা ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে এবং ২৭ আগস্ট যুক্তরাজ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাহিত্য ও বুক রিভিউ পত্রিকা কিরকাস এই বইটিকে ‘একাডেমিক সাফল্যের এক কঠোর ও শ্রমসাধ্য আখ্যান’ হিসেবে উল্লেখ করেছে।
এই স্মৃতিকথায় অটিজম আক্রান্ত এক বালক হিসেবে আর্ডের শৈশব-কৈশোরের কথা এবং পরবর্তী জীবনে মৃগী রোগ ও বিষণ্নতার বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের কাহিনি তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, ৪১ বছর বয়সী এই লেখক ১৮ বছর বয়স পর্যন্ত পড়ালেখা শেখেননি।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্ডে জানিয়েছিলেন, সাইমন অ্যান্ড শুস্টার বইটির জন্য ১৪ লাখের প্রস্তাব দিয়েছিল। তিনি অবশ্য উল্লেখ করেননি যে, ১৪ লাখের এই অঙ্কটি ব্রিটিশ পাউন্ড স্টার্লিং নাকি মার্কিন ডলারে ছিল। এই অর্থের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাইমন অ্যান্ড শুস্টার কোনো সাড়া দেয়নি।
সম্প্রতি গবেষণাপত্রে প্লেজিয়ারিজম বা চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ এই শিক্ষাবিদ ও লেখক। তবে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টার আর্ডের বইটি নির্ধারিত সময়েই প্রকাশ করার অঙ্গীকার করেছে। এ সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রকাশনা সংস্থাটি দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, তারা পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই জেসন আর্ডের ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ বইটি প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে।