শিশুদের জন্য রয়েছে আনন্দের একটি খবর। কারণ বারবারা স্ট্রাইস্যান্ড তাদের জন্য একটি পিকচারবুক প্রকাশ করতে যাচ্ছেন। এই বইটি হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রীর শিশুদের জন্য লেখা প্রথম বই হবে। পেঙ্গুইন ইয়ং রিডার্স (পিওয়াইআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যান্ড বাই দ্য ওয়ে...’ নামের শিশুতোষ বইটি ২০২৭ সালের ৩০ মার্চে পিওয়াইআর এর ইমপ্রিন্ট ফ্লেমিঙ্গো বুকস থেকে প্রকাশিত হবে। এতে ছবি এঁকেছেন পেইজ কাইজার। প্রকাশনা সংস্থাটি বইটিকে ‘আন্তরিক ও স্নেহপূর্ণ একটি পিকচারবুক’ হিসেবে উল্লেখ করেছে। এটি মূলত ৩ থেকে ৭ বছর বয়সী শিশুদের উপযোগী করে লেখা।
বইটিতে একজন দাদা/দাদি বা নানা/নানির সাথে তার নাতি-নাতনির একটি চমৎকার ও আনন্দময় দিন কাটানোর গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে খেলার ছলে তারা জীবনের গুরুত্বপূর্ণ কিছু সত্য নিয়ে কথা বলেন।
এদিকে ৮৪ বছর বয়সী এই হলিউড তারকা জানান, তিনি তার নাতি-নাতনির সাথে কাটানো সময় এবং তাদের বই পড়ে শোনানোর অভিজ্ঞতা থেকে এটি লেখার অনুপ্রেরণা পেয়েছেন। নাতি-নাতনিরা তাকে আদর করে ‘গ্যামা বারবারা’ বলে ডাকে। তার মতে, এই বইয়ের মূল বার্তা হলো — নতুন কিছু আবিষ্কার, আত্মপ্রকাশ, স্বনির্ভরতা এবং ভালোবাসা।
উল্লেখ্য, অস্কার, গ্র্যামি, এমি এবং টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা ‘মাই নেম ইজ বারবারা’ নামের ৯৯২ পৃষ্ঠার বিশাল একটি স্মৃতিকথাও লিখেছেন। ২০২৩ সালে প্রকাশিত বইটি ব্যাপক সাড়া ফেলেছিল। এবার তিনি শিশুদের সাহিত্যের জগতে পা রাখছেন। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক বুকশপে বইটির অগ্রিম অর্ডার বা প্রি-অর্ডার নেওয়া চলছে।
সূত্র: পিপল