ইতালীয় উপন্যাসিক আলি হ্যাজেলউডের বেস্টসেলিং রোমান্স উপন্যাস 'ডিপ এন্ড' অবলম্বনে একই নামের একটি সিনেমা বানানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নেটফ্লিক্স। মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাড়া জাগানো এই উপন্যাসটি গত বছর প্রকাশিত হয়েছে। এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডাইভার স্কারলেট ভ্যান্ডারমিরের প্রেমকাহিনীর ওপর ভিত্তি করে রচিত। তিনি চ্যাম্পিয়ন সাঁতারু লুকাস ব্লমকভিস্টের সাথে এক রোমাঞ্চকর ও সাহসী যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। নেটফ্লিক্স এটির স্বত্ব কিনে নিয়েছে।
'ডিপ এন্ড' সিনেমার চিত্রনাট্য লিখবেন লরা কোসান। এটির প্রযোজকদের মধ্যে রয়েছেন অ্যালেক্স কুপার এবং শন লেভি। এছাড়া উপন্যাসিক আলি হ্যাজেলউডও নির্বাহী প্রযোজকদের তালিকায় থাকবেন। ছবিটির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এখনো কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সী আলি হ্যাজেলউডের প্রথম উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস'। ২০২১ সালে প্রকাশিত এবং নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকার শীর্ষে থাকা বইটি নিয়েও একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ক্লেয়ার স্ক্যানলন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন লিলি রেইনহার্ট ও টম বেটম্যান এবং আগামী ২৩ সেপ্টেম্বর আমাজনের প্রাইম ভিডিওতে এটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া গত জুন মাসে আমাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করেছে যে, তারা হ্যাজেলউডের ‘লাভ, থিওরেটিক্যালি’ উপন্যাস অবলম্বনে একটি সিনেমা তৈরি করবে। এটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকবেন সোফিয়া আলভারেজ এবং 'ইট এন্ডস উইথ আস' উপন্যাসের লেখক কলিন হুভার এটি প্রযোজনা করছেন।