Posts

নিউজ

সাবস্ট্যাকে উপন্যাস প্রকাশ করছেন ম্যাককেঞ্জি স্কট

August 10, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
11
View

মার্কিন উপন্যাসিক, বিলিয়নেয়ার ও সমাজসেবী ম্যাককেঞ্জি স্কট তার তৃতীয় উপন্যাস সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে ধারাবাহিকভাবে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ম্যাককেঞ্জি জানিয়েছেন, তিনি আগস্ট মাসজুড়ে সাবস্ট্যাকে তার তৃতীয় উপন্যাস ‘লাস্ট ডেজ ইন টু নেশনস (আ হিস্ট্রি ইন এইটিন মাইন্ডস)’ প্রকাশ করবেন। তিনি উপন্যাসের শুরুর দিকের পৃষ্ঠাগুলো প্রকাশ করেন। পরদিন তিনি বইটির ভূমিকাও শেয়ার করেন। এটি ৮০ হাজার শব্দের একটি উপন্যাস হবে।

৫৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখানে তিনি নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসনের কাছে সৃজনশীল লেখালেখির বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। তাকে সেরা শিক্ষার্থীদের একজন হিসেবে প্রশংসা করেছেন মরিসন। 

উল্লেখ্য, ম্যাককেঞ্জি ১৯৯৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের স্ত্রী ছিলেন। তিনি ২০০৫ সালে ‘দ্য টেস্টিং অব লুথার অ্যালব্রাইট’ উপন্যাসের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। সে সময় তার নাম ছিল ম্যাককেঞ্জি বেজোস। এরপর ২০১৩ সালে ‘ট্র্যাপস’ নামের আরেকটি উপন্যাস প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে জনহিতকর কাজের মাধ্যমে তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। তিনি বিভিন্ন দাতব্য সংস্থা ও কলেজে বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন।   


 

  

Comments

    Please login to post comment. Login