কবিতা

প্রতিবিম্ব

August 31, 2026

Shaekh uddin Sohan

4
View

উত্তপ্ত দুপুরে ভাতের হোটেলে যে মানুষটা
ডিমের তরকারি দিয়ে ভাত খায় আমি তাঁকে চিনি।
তাঁর পাশের টেবিলে বসে থাকা ওই ছেলেটাও আমার
পরিচিত, যে দুপুরটা কাটিয়ে দেবে শিঙাড়া খেয়ে। 

টিউশন শেষ করে টঙে বসে সদ্য সিগারেট ধরানো
ইতস্তত যে যুবক তাঁকে আমার বড্ড চেনা।
কিংবা ধরা যাক, মায়ের প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসীর
লাইনের দাঁড়ানো বেকার যুবকটা?
আমি কি চিনি না তাঁকে? 

প্রেমে ব্যর্থ হয়ে যে ছেলেটা আবার প্রেমে পড়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখের মেয়েটার।
জীবনের সাথে যে জুয়া খেলতে উদ্যত..
কবিতার সওদা করে যে কিনে আনে 
মহাবিশ্ব সমান বিবমিষা।
পরিবারের যে ছোট্ট ছেলেটা
বাপের চাকরি শেষ হবার পর হয়ে ওঠে পূর্ণাঙ্গ পুরুষ
আমি তাঁকে চিনবো না কেন? 

এই শহরের প্রতিটা বিষণ্ণ চরিত্র আমার চেনা।
তাঁদের আমি প্রায়ই আয়নায় 
আমার মুখোমুখি দাঁড়াতে দেখি..
___________
প্রতিবিম্ব
শায়েখ উদ্দিন সোহান
২২.০৫.২৩, মাগুরা।

Comments

    Please login to post comment. Login