Poetry

মিছিল

September 4, 2026

63 views

এই সমস্ত আড়াল অপ্রাসঙ্গিক হবে একদিন
জোরজবরদস্তি ভয়শাসনের 
টুটি চেপে ধরবে প্রেমিকার মখমলি ওড়না

চূর্ণবিচূর্ণ হবে বিভেদের প্রাসাদ 
খানখান যাবে ভেঙে কারার গরাদ 
রীতিনীতির শেকল যাবে ছিঁড়ে

হ্যামিলন প্রেমিকের 
বাঁশির সুরাঘাতে-ঘাতে;  নিরুপায় ভেঙেচুরে

প্রকাশ্য হবে আঙুলের ফাঁকে 
আঙুল রাখবার আজন্ম অধিকার
উৎসব নামবে 
ঠোঁটের ভাঁজে ঠোঁটে; মদিরা বিনিময়ে

রক্তের হোলি যাবে থেমে; ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে

লাল সেদিন ব্যক্তিগত হবে 
নববধূর হাত তাঁর বাসরের চাদরে
ফুলের বাগান আর নবজন্মের আঁতুড়ে __
কেবল। 

নাফরাতের মৌসুম শেষে 
মিলনের ঋতু আসবেই প্রিয়তমা

তুমি আলমারি না আলনায় রেখো শাড়ি
হাতের নাগালে রেখো 
প্রয়োজনীয় তৈজস

ডাক পেলে দেরি কোরো নাকো। 

ডাক পেলে দেরি কোরো নাকো।


• ওয়াসিক

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login