অভিমান করে একবার জীবনকে বলেছিলাম—"সবকিছু চিরকাল টেকে না,"
পৃথিবীতে আমি, তুমি, তারা, প্রেমিক,প্রেমিকা, ভোরের শিশিরে ফোটা ফুল, তার ঘ্রাণ। কিছুই না।
তবে প্রেম একবার জবাব দিয়েছিল—"আমরা টিকিয়ে রাখবো, তুমি যদি আমাকে সৎ আলিঙ্গন দাও। তারপর আমি নির্বাক চেয়ে রইলাম তার দীর্ঘ চোখে।
তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আমার বাহু বরাবর —
যেন শতবর্ষী বট বৃক্ষ, শরীর ভেদ করে ঘিরে ধরেছে হৃদয় অব্দি।
অথচ আমি তোমার মনের ভেতরে বাস করা মারিয়ানা ট্রেঞ্চকে বুঝে উঠিনি,
সেই বিগত শতাব্দীর চিরচেনা নারীর মত এত নিশ্চুপ, লজ্জাবতীর মতো তার দেহের লাজুকতা
হয়তো স্নায়ুতে আবির্ভাব হয়, শতশ্রী নারীর মতো।
দু’জনার মাঝে নেই কোনো দূরত্বের ভাষা;
অথচ মাঝখানে বেয়ে চলা স্রোত কী জানান দেয়,কে কাকে পাড়ি দেয়,
কে কার হাত রাখে,
কে কার কাছে রেখে যায় মায়ার বন্ধক।
তবুও জেনো নাও, প্রেম শুধু চোখে চোখ রাখা নয়,
হাতে হাত রাখা নও, ভালোবাসা স্বীকার করে নিলেই মারিয়ানা ট্রেঞ্চের রহস্য বুঝে যাওয়া নও।
যেখানে সত্যতার মৃত্যুতে মানুষ বড় বেহিসাবি, যেখানে সবই ঠুনকো, সেখানে বাতাসে সব হিসেব নিকেশের সমাপ্তি হয়।