রক্তমাখা এই চাঁদকে দেখবার জন্যই কি বুঝি এত আয়োজন?
যেই সোনালী চাঁদ বন্দি হয়ে যায় ছায়ায়
অশ্রুমেখে ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকে মায়ায়
সেই চাঁদকেই এত ঘটা করে জানালে নিমন্ত্রণ?
কবি সাহিত্যের এত আকুলতা
তা কি তবে শুধু নিছক আবেদন?
তোমায় নিয়ে কাব্যের পর কাব্য রচনা
হে হতভাগী চন্দ্রলতা।
প্রয়োজনে বিরহের সাথী,
কিংবা হয়ে যাও প্রিয়তমের চারুলতা।
হে রজনীকান্ত
সবার দুঃখে তুমি ছিলে পাশে,
তবে তোমার দুঃখ বোঝবার ক্ষমতা খোদা দেয়নি কাউকে!
সুধাকর, হিমকর, নিশাকর,শশধর
কত নাম জেনেছি তোমার,
শুধু জানতে পারিনি কারণ ; তোমার এই নিঃশব্দ কান্নার।
কিন্তু বিশ্বাস করো
আমি করিনি উল্লাসে, বাজাইনি কোনো গান
দিতে পারবো না তোমার প্রতিদান
তাই তুমি রেখো না আমার উপর অভিমান।