আমার অপরাধ,
আমি একজন সাধারণ মানুষ।
প্রতিদিন এই শহরে ভোর হয়
কাঁচাবাজার বয়ে নিয়ে যাওয়া পিকআপের শব্দে,
ট্রেনের হুইসেল আর কালোপানির গন্ধে,
কাক তো সেই কবে থেকেই হারিয়ে গেছে,
নাম না জানা পাখিরাও আজকাল ভোরে ডাকার কাজটা ছেড়ে দিয়েছে,
আমাকে অ্যালার্মে ভেঙ্গে যাওয়া ঘুম থেকে
মাগরিবের আজান পর্যন্ত দৌড়াতে হয়।
তারপরও
রংসাইডে রিক্সাটা নিয়ে গেলে,
ভিআইপি আসার রাস্তাটায় দাঁড়িয়ে গেলে পুলিশ আমাকে থামায়।
পেনশনের ফাইলটা নিতে
কিংবা হাসপাতালের টিকিট নেয়ার লাইনে,
পুরনো মরচে পড়া ফ্যানের নিচে ঘেমে দাঁড়িয়ে থাকতে হয় আমাকে।
এসিওয়ালা গাড়ির ভেতরের স্যুটপরা সাহেবকে কোথাও থামায় না কেউ,
তাদের জন্য অন্য আদব, অন্য কায়দা।
আমার অপরাধ,
আমি একজন সাধারণ মানুষ।