জগতের যা কিছু,
তার সব কিছুই একটা অঙ্ক মেনে চলে।
যার হিসেব মেলে না,
তা মনুষ্য-মগজের বাইরে।
হয়তো ক্রমান্বয়ে একদিন ধরা পড়বে।
সময়ের অপেক্ষায়
ক্ষণ ছাড়িয়ে শতবর্ষ কিংবা অধিক গড়াতে পারে।
সমস্ত মানুষের চোখে
যেখানে তোমার দোষ
ময়লার ভাগাড় হয়ে গন্ধ ছড়ায়,
সেইখানেই আমার চোখ
চন্দ্রের আলোর সন্ধান পায়।
সমাজের যে মানুষ
লুকিয়ে তোমার কাছে
বিনোদনের পেয়ালায় চুমুক দিয়ে যায়,
অথচ লোকালয়ের ভিড়ে
কলঙ্কলেপন কেবল তোমার কপালেই আঁকে,
আমি কোন নিয়মে তোমাকে ভালোবাসলাম,
তা হয়তো শত বছর পরে
কারও খাতার পুরোনো ভাঁজে,
ময়লার মাঝে,
উজ্জ্বল তারকার মতো জ্বলবে।
সে অঙ্কের সমাধান
একদিন নিশ্চয় হবে।