আমি চেয়েছিলাম মহাকালের সাথে বসবাস,
আমার কল্পনার সাগরে ছিল এক অনন্ত দ্বীপ।
আমি সৃষ্টির মাঝে খুঁজেছিলাম অসীম পূর্ণতা ,
অথচ প্রতিটি সৃষ্টি ছিল আমার একাকীত্বের প্রতিচ্ছবি।
আমার হাতে রঙিন পেন্সিল,
আমি এঁকেছিলাম এক নিখুঁত পৃথিবীর মানচিত্র,
যেখানে কোনো যুদ্ধ ছিল না,
সংঘাত ছিলো না,
ছিলো না, কোনো রক্তের দাগ।
মানুষের কোলাহল থেকে দুরে-বহুদুরে,
আমি বেছে নিয়েছিলাম, চিরন্তন নিঃসঙ্গতা।
আমার চোখে ছিলো, অন্ধকারের জ্যোতি
আর হৃদয়ে জমেছিলো, কষ্টের মহাকাব্য।
যদিও, সময়ের কাটা মুছে দেবে সব স্মৃতি,
আমার নিঃসঙ্গতা জ্বলবে চিরকাল–
একটি নক্ষত্র হয়ে,
কোনো হারিয়ে যাওয়া মহাবিশ্বে।