Posts

নিউজ

২০২৬ সালের বুকার প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ

July 29, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
39
View

২০২৬ সালের বুকার প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বুকার প্রাইজ ফাউন্ডেশন এই তালিকাটি প্রকাশ করেছে। এবার ১৬৩টি বইয়ের মধ্য থেকে প্রাথমিক তালিকার জন্য সেরা ১৩টি উপন্যাস বেছে নেওয়া হয়েছে। 

এবারের দীর্ঘ তালিকায় বুকারজয়ী দুইজন লেখক জায়গা পেয়েছেন। এদের মধ্যে জ্যামাইকান লেখক মার্লন জেমস ২০১৫ সালে ‘আ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস’ উপন্যাসের জন্য এবং স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট ২০২০ সালে ‘শাগি বেইন’ এর জন্য মর্যাদাবান এই পুরস্কার জিতেছেন।

এছাড়া প্রথমবারের মতো বুকারের দীর্ঘ তালিকায় উঠেছেন ১০ জন লেখক। প্রথম উপন্যাস দিয়েই এই তালিকায় জায়গা পেয়েছেন জামেল হোয়াইট, কেনান অরহান ও রেবেকা পেরি। ২৮ বছর বয়সী আইরিশ উপন্যাসিক জামেল হোয়াইট বিজয়ী হলে বুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পুরস্কারজয়ী লেখক হবেন।     

এদিকে চলতি বছরের বুকার প্রাইজের বিচারক প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করছেন ইতিহাসবিদ ও লেখক মেরি বিয়ার্ড। তার সঙ্গে বিচারকের দায়িত্বে আছেন সংগীতশিল্পী জারভিস ককার, লেখক রেমন্ড অ্যান্ট্রোবাস, উপন্যাসিক প্যাট্রিশিয়া লকউড এবং সাংবাদিক রেবেকা লিউ। এ বছরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং ৯ নভেম্বর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে ‘মিডনাইটস চিলড্রেন’ এর জন্য সালমান রুশদি, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এর জন্য কাজুও ইশিগুরো এবং ‘দ্য গড অব স্মল থিংস’ এর জন্য অরুন্ধতী রায় বুকার জিতেছিলেন।

২০২৬ সালের বুকার প্রাইজের দীর্ঘতালিকা এক নজরে দেখে নেওয়া যাক: 

১. ক্লোই আরিদজিসের 'দ্য শ্যাডো অব দ্য অবজেক্ট'  

২. এমা ক্লাইনের 'সুইটজি' 

৩. মাকেনা গুডম্যানের 'হেলেন অব নোহোয়ার' 

৪. এম. জন হ্যারিসনের 'দ্য এন্ড অব এভরিথিং' 

৫. মার্লন জেমসের 'দ্য ডিসঅ্যাপিয়ারার্স' 

৬. লুক কেনার্ডের 'ব্ল্যাক ব্যাগ' 

৭. কেনান অরহানের 'দ্য রেনোভেশন' 

৮. রেবেকা পেরির 'মে উই ফিড দ্য কিং' 

৯. গুয়েনডোলিন রাইলির 'দ্য পাম হাউস' 

১০. এলিজাবেথ স্ট্রাউটের 'দ্য থিংস উই নেভার সে' 

১১. ডগলাস স্টুয়ার্টের 'জন অব জন' 

১২. জামেল হোয়াইটের 'অল দেম ডগস' 

১৩. মিজৌরি উইলিয়ামসের 'দ্য ভিভিসেক্টর্স'

Comments

    Please login to post comment. Login