যাবার দিন বলে গিয়েছিলো, নিয়ম করে
আর দেখা হবে না, আমাদের নিয়মিত কথা
হবার দিন শেষ হয়ে গেছে। ফের কথা হবে
কবে, জবাবে বলেছিল ফের দেখা হলে।
সেদিন বৃষ্টি হবে না, আকাশে বিস্তর মেঘে
বেজায় অন্ধকার থাকবে, সেদিন ফিরবো।
তুমি মেঘলা দিনে আসবে কেন? সবাই কি
রোদ নিয়ে আসতে পারে?
রোজকার এই তিনটের বাসেই আমি ফিরবো।
প্রতিদিন নিয়ম করে তিনটে বাজে। মেঘের দিনে,
বৃষ্টির দিনে, রোদেলা দিনে; প্রতিদিন তিনটে বাজে।
ঠিক তিনটে বাজলে লক্ষীপাশা বাসস্ট্যান্ডে
প্রতিদিন বাসটা আসে। তুমি আর আসলে না।
বরং আমার মনে হয়, বাসটাই বুঝি আমাকে
দেখতে আসে প্রতিদিন। অপেক্ষার ক্লান্তির কষ্টে
ঠিক করেছি, কফিন হতে বেরিয়ে পড়বো আমি
পাখনাওয়ালা মানুষ হয়ে। পৃথিবীর সব মেঘদের
সাথে করে নিয়ে যাবো আমি, তোমার শহরে।
তুমি বারান্দায় চুল শুকোতে এসে আকাশ দেখে
চমকে যাবে। তখনি আমি ফিসফিস করে বলে
দেব, তুমি যাবার পরদিন তোমার মাধব মারা গেছে।
যে উপেক্ষাকে অপেক্ষায় বাঁধতে চেয়েছিলে,
সে সারা বিশ্বকে পাশ কাটিয়ে চলে গেছে।
(কবিতাটি আমার বেহুলা কাব্যগ্রন্থ থেকে নেয়া)