জুতা হাঁটার উপকরণ
আপনাকে হাঁটতে সাহায্য করবে;
যদি আপনি অসাবধানতাবশত
যদি আপনি উত্তেজনাবশত
পায়ের পরিবর্তে গোটা শরীর
পায়ের পরিবর্তে গোটা দেহ
পায়ের বদলে চেতন,অবচেতন
জুতায় প্রবেশ করিয়ে ফেলেন
এবং সেখানেই বন্দী হয়ে যান
আপনি হাঁটতে পারবেন না।
জগৎ বাঁচার উপকরণ
বাঁচার সব রকমের উপকরণ এখানে
মরার সব রকমের উপকরণ এখানে
যদি আপনি জীবনের পরিবর্তে
যদি আপনি মৃত্যুর পরিবর্তে
পুরো দেহ-মন আর তার হাড়গোড়
জগতে প্রবেশ করিয়ে ফেলেন
এবং এখানেই বন্দি হয়ে যান
আপনি বাঁচতে পারবেন না
আপনি মরতে পারবেন না।