Poetry

অসম্পূর্ণ থেকে যাওয়া

September 29, 2026

7 views

ঝরে পড়া শিউলি ভোরের আলোতে ভাবে, কেউ তাকে হাতে নেয়নি।
ঘাসের সাথে একবেলার জীবন, পার্থিবের ব্যাপ্তি কেবল এটুকুই।
কোকিল ডেকে যায় গাছের আবডালে, বসন্তের শেষ প্রহরে,
নিখাদ ব্যথার সুরে সে গেয়ে যায় তার একান্ত গান।
কেউ থামেনি পথের ধারে, কেউ ভাবেনি, কে গান গায়!
এই সুর কি শুধু তার নিজের জন্য, নাকি স্রেফ ইথারে হারায়!
নদী বয় পাথর ছুঁয়ে, পাহাড় চীরে স্রোতের গল্প তার,
কেউ তাকে জিজ্ঞেস করে না, শেষ কবে ক্লান্ত হয়েছিল সে।
সূর্য প্রতিদিন জ্বলে ওঠে, বুকে লুকিয়ে আগুনের ঝড়,
আলো বিলিয়ে রাতে ভাবে সেও হয়ত,
আলো ফুরালে কেউ কি তাকে স্মরে! আর মানুষ,
ভোরের আগে সেও কান্না করে, কারো জন্যই বটে,
কিন্তু যার জন্য সে অপেক্ষায় ছিল সারারাত, জোছনায়,
সে হেঁটে গেছে অন্য পথে, অন্য কারো ছায়ায়।
তবু সে ভালোবেসেছিল, আকাশের মতো নিঃশব্দে,
নদীর মতো একমুখী, কোকিলের মতো নিঃস্বার্থ।
কেউ না জানুক, না বুঝুক, সেও রেখে যায় শব্দে শব্দে
এক অসম্পূর্ণ কবিতা, অলিখিত, অনর্থ।
পৃথিবীর বুকে এভাবেই থেকে যায় অসংখ্য আক্ষেপ;
শিউলির গন্ধে, কোকিলের গানে, নদীর বাঁকে বাঁকে।
ভালোবাসা কচিত গন্তব্য পায়, পৌঁছায় না কোথাও আদতেই,
তবু ফুল ফোটে, পাখি গায়, নদী বয়, অদ্ভুত পৃথিবীর দিনকালে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login