ক্লান্ত মেঘদের গায়ে এখানে ওখানে ফাটল ধরেছে।
সবুজ ঘাসের জমিনে ছোপ ছোপ হতাশারা ছড়িয়ে ছিটিয়ে
আছে। ইদানীং বৃস্টি হলেও কবিতা লিখছেন না কেউ।
এখন অরণ্য কেবল ফিসফিসিয়ে বলে যাচ্ছে,
আমার কাছে এটুকুই শুধু ছিল। তোমার কি আরো
অক্সিজেন লাগবে?
জীবনের সকল আত্মত্যাগের গল্পও এখন মূল্যহীন।
সফলতার গল্পও আর উচ্চারিত হচ্ছে না।
অহংকারী পায়ের আওয়াজ কমতে কমতে এখন
শুন্যের কোঠায়। হা হা অট্টহাসিরা ইথারে আর ভাসেনা।
রেলপথের মতো জীবন আর মরণের সমান্তরাল সাঁতার।
স্বৈরাচারী শ্বাসতন্ত্রের খেলায় জনপদের কেউ কেউ
আরেকটি শ্বাসের জন্য লড়াই করে আত্মাহীন হয়ে গিয়েছিল।
আমি জানি, একদিন উপেক্ষিত মরদেহরা ফিরে এসে
আমাদের সত্যি সত্যি জিজ্ঞেস করবে, "তোমার অতীতের
স্মৃতিগুলো ঠিক আছে তো? নাকি তোমার অতীতের গল্পেও
আমরা নাই!"
বেঁচে গেলে এবার আমরা সত্যিকারের মানুষ হবো।
(এই কবিতাটি করোনাকালে লেখা। এটি আমার "মানুষ এখন শ্লোগান ভুলে গেছে" বই হতে।)