১
খালেক বাজারের বাইরে বসে আছে। বাজার যেখানে শেষ ঠিক সেখানে, রাস্তার পাশে, মাটির ওপর, ধুলোর ভেতর, দিনের ক্রমশ কঠিন হয়ে ওঠা আলোয়। তার বসার ভঙ্গিটা এমন, যেন শরীরটা এখানে আছে, কিন্তু মনটা বারবার ছুটে যাচ্ছে অন্য কোথাও; নিজের ঘরের দিকে, হাঁড়ির দিকে, সন্তানের মুখের দিকে। সকালবেলার ভিড় অনেক আগেই কেটে গেছে; যারা কাজ দিতে আসে, তারা সাধারণত ভোরের দিকেই আসে। তারা তাড়াহুড়ো করে, দরদাম করে, দু-চারজনকে বেছে নেয়, বাকিরা থেকে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজকের দিনটা আলাদা, কারণ আজ কেউই আসেনি।
বাজারের সামনে যে জায়গাটায় দিনমজুরেরা বসে, সেটা যেন এক অদৃশ্য দরবার। এখানে কোনো কোলাহল নেই, তবু প্রত্যেকের চোখে একই রকম আর্তি, আমাকে নিন। এই বাক্যটা কেউ মুখে বলে না, কিন্তু চোখের ভেতর থেকেই সম্ভবত উচ্চারিত হয়। খালেকও সেই দৃষ্টিতেই সামনে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে, সে তাদের প্রত্যেকের মুখের দিকে তাকায়, এমনভাবে তাকায় যেন তার চোখ দিয়েই অনুনয় বেরিয়ে আসছে। আজ কেন যেন, কোনো চোখ তার দিকে ফিরে তাকায় না। রাস্তায় মানুষের কমতি নেই, কিন্তু কেন যেন কোথাও কিছু হয়েছে। আজ মনে হচ্ছে, কোথাও কোন কাজ নেই।
বেলা বাড়তে থাকে, সূর্যের তেজ ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকে পড়ে। গরমটা শুধু গায়ে লাগে না, মনে লাগে। খালেকের বুকের ভেতরে একটা অস্বস্তি জমতে থাকে, যেন অদৃশ্য কোনো পাথর চেপে বসেছে। সে দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু সেই দীর্ঘশ্বাসও যেন পুরোপুরি বেরোতে পারে না, মাঝপথে আটকে থাকে।
ঠিক তখনই পাশ থেকে কেউ বলে ওঠে, আজ পহেলা বৈশাখ, সব বন্ধ।
কথাটা খুব সাধারণ, খুব স্বাভাবিক। কিন্তু খালেকের ভেতরে সেটা যেন বিষের মতো ঢুকে যায়। তার মুখে কোনো কথা আসে না, কিন্তু মনে মনে সে একরকম ঝাঁঝালো স্বরে বলে ওঠে, সব বন্ধ মানে কি খিদাও বন্ধ? শালার দুনিয়া।
তার ঠোঁট শক্ত হয়ে যায়, চোখে একরকম কঠিনতা এসে বসে।
তার পাশে বসে থাকা লোকগুলো সবাই যেন একেকটা জীবন্ত ছায়া। প্রত্যেকের মুখে ক্লান্তির ছাপ, চোখে একধরনের প্রত্যাশা। রফিক বারবার হাত দিয়ে মাথা চুলকায়, যেন কোনো অদৃশ্য হিসাব মেলাতে পারছে না। করিম বিড়ির ধোঁয়া ছাড়ে, কিন্তু সেই ধোঁয়া তার নিজের মুখকেই ঢেকে ফেলে, মনে হয় সে নিজেকেই আড়াল করতে চাইছে।
খালেক চুপচাপ তাদের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। কারণ তাদের মুখে সে নিজের প্রতিচ্ছবিই দেখতে পায়। এইসব মুখগুলো আলাদা নয়। সবগুলো একই গল্পের ভিন্ন ভিন্ন সংস্করণ।
একটু দূরে বসে থাকা মজিদ চাচা ধীরে ধীরে কথা বলেন। তার কণ্ঠে বয়সের ভার, কিন্তু তার ভেতরে কোনো উত্তেজনা নেই, কোনো অভিযোগ নেই, কীভাবে যেন তিনি সবকিছুতেই নির্লিপ্ত থাকেন। বসে থাকা দিনমজুরদের সবার চেহারা একরকম লাগছে। পৃথিবীর সব ক্ষুধার্তদের চেহারা একরকম হয়। সবার দিকে তাকিয়ে তিনি বললেন, গরিবের দিন আলাদা হয় না রে বাবা। সব দিন এক।
এই কথাটা খালেকের মনে গেঁথে যায়। সে ভাবতে থাকে, তাহলে আজকের দিনটা কেন আলাদা মনে হচ্ছে? কেন আজকের এই উৎসব তার কাছে এত বেশি নিষ্ঠুর লাগছে?
রাস্তার ওপারে লাল-সাদা পোশাক পরা মানুষগুলো হেসে হেসে হাঁটছে। তাদের হাতে হাতে রঙিন ব্যাগ, হাসিমাখা মুখ, চোখে উচ্ছ্বাস। তাদের হাসির শব্দ বাতাসে ভেসে এসে খালেকের কানে লাগে। কিন্তু সেটা আনন্দের শব্দ নয়, যেন ব্যঙ্গের মতো শোনায়। ভরা পেটের মানুষদের মাঝে মাঝেই অসহ্য লাগে খালেকের, ঠিক এখন সেটাই হচ্ছে।
খালেকের হঠাৎ মনে হলো, সে দুনিয়ার লোক নয়। দুনিয়ার লোকেরা হাসিমুখে ঘুরে, ভরাপেটে থাকে। পেটে খিদে যাদের, তারা অন্য জয়গার। এক আল্লাহর দুনিয়ায়তো এরকম হবার কথা ছিল না।
২
ক্ষুধা শুধু পেটের ভেতরে থাকে না। একসময় সেটা মনের ভেতর ঢুকে পড়ে, মনের ভেতরের স্মৃতি নিয়ে সে খেলা করে। খালেকের মনে হঠাৎ ভেসে ওঠে সকালের দৃশ্য। রহিমা চুপচাপ হাঁড়িতে পানি বসাচ্ছিল। সে সময় সে একমনে হাঁড়ির দিকে তাকিয়েছিল, যেন সেই পানির মধ্যেই কোনো আশার চিহ্ন খুঁজছে। সুমন প্রশ্ন করছিল,
বাবা, আজ মাংস হবে?—প্রশ্নটা এত সহজ, এত নিরীহ; কিন্তু তার উত্তরটা খুব কঠিন। দরিদ্র মানুষেরা সংসারের কোন প্রশ্নেরই জবাব দিতে পারে না। খালেক তখন কিছু বলতে পারেনি। শুধু ছেলের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এসেছিল।
এখন সেই দৃশ্যটা তার মাথার ভেতরে বারবার ঘুরছে। তার মনে হচ্ছে, সে যেন পালিয়ে এসেছে। ঘরের অভাব থেকে, সন্তানের প্রশ্ন থেকে, স্ত্রীর নীরবতা থেকে।
তার ভেতরে একধরনের অপরাধবোধ জন্ম নেয়। সে ভাবতে থাকে, আমি যদি কাজ না পাই, তাহলে আমি কী?
এই প্রশ্নটা তাকে অস্থির করে তোলে।
রাস্তার দিকে তাকিয়ে সে একটা বড় গাড়ি থামতে দেখে। সাদা পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক নামেন, ফোনে কথা বলতে বলতে দ্রুত হেঁটে যান। তার চলার ভঙ্গিতে আত্মবিশ্বাস, নিশ্চিন্ততা, যেন পৃথিবী তার নিয়ন্ত্রণে। লোকটার হেঁটে যাওয়াটা একমনে দেখতে লাগল খালেক। দেখতে দেখতেই খালেকের মনে হঠাৎ একধরনের তীব্র রাগ জাগে। সে ভাবে, এই লোকগুলা কি কোনোদিন খালি পেটে ঘুমাইছে? কোনদিন কি এই লোক ক্ষুধার কষ্ট বুঝেছে?
কিন্তু সেই রাগ প্রকাশ করার মতো শক্তি তার নেই। তার রাগটা ভেতরেই থেকে যায়; চাপা, দমবন্ধ করা, নিঃশব্দ।
বেলা গড়িয়ে বিকেল হয়। একসময় অপেক্ষার শক্তিটাও ফুরিয়ে আসে। একজন একজন করে সবাই উঠে চলে যায়। কেউ আর বসে থাকতে পারে না, অপেক্ষা সবসময়েই কাজের চেয়েও বেশি ক্লান্তিকর। রফিক উঠে দাঁড়িয়ে চলে যায়, করিমও তার পিছু নেয়। জায়গাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। শেষে খালেক আর মজিদ চাচা বসে থাকে।
মজিদ চাচা ধীরে ধীরে উঠে দাঁড়ান। তার হাঁটাটা ধীর, কিন্তু স্থির। তিনি খালেকের দিকে তাকিয়ে বলেন, চল বাড়ি যা। আজ আর হইব না।
খালেক মাথা নাড়ায়, কিন্তু উঠে না।
তার মনে হয়, এই জায়গা ছেড়ে গেলে সে যেন নিজের শেষ আশাটুকুও ছেড়ে দেবে। কিসের আশা সেটা সে জানে না। শুধু এটুকুই জানে সে, দিনশেষে তার ভাত লাগে, তার ছেলে সুমনের জন্য এক টুকরো মাংসসহ ভাত লাগে, রহিমারও একটু ভাত লাগে। এই দুনিয়া আসলে কিছুই না, শুধু ভাতের দুনিয়া। দুনিয়ার যত কিছু সবকিছুর একটাই কারণ, ভাত।
তার চোখে পানি এসে যায়। সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। কারণ সে জানে, কান্না তার জন্য নয়। একজন দিনমজুরের কান্না কেউ দেখে না, কেউ শুনে না। তাই সেটা নিজের কাছে লুকিয়ে রাখাই উচিত।
৩
বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। অনেকক্ষণ ক্ষুধার্ত থাকলে ঘুম পায়। তার মনে হলো, সে স্বপ্ন দেখছে, একটা কণ্ঠ ভেসে আসে; নরম, দ্বিধাগ্রস্ত, কিন্তু স্পষ্ট।
ভাই, কাজ করবেন?
খালেক চমকে ওঠে। তার চোখে এক মুহূর্তের জন্য বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই। তারপর সে দ্রুত উঠে দাঁড়ায়, যেন দেরি করলে সুযোগটা হারিয়ে যাবে।
লোকটা খুব সাধারণ। তার পোশাকে কোনো চাকচিক্য নেই, মুখে কোনো অহংকার নেই। তিনি একটু ইতস্তত করে বলেন,
বাসায় কিছু কাজ আছে। একজন মানুষ দরকার।
খালেক কোনো প্রশ্ন করে না। সে শুধু বলে, করমু ভাই, সব করমু।
লোকটার চোখে এক মুহূর্তের জন্য একটা মৃদু হাসি ফুটে ওঠে, যেন সে খালেকের এই মরিয়া আগ্রহটা বুঝতে পারে।
লোকটার নাম আজিজ। তার বাড়িটা ছোট, সাদামাটা। কিন্তু সেখানে একটা অদ্ভুত উষ্ণতা আছে। খালেক সেখানে গিয়ে প্রথমেই বুঝতে পারে, এটা সেই ধরনের জায়গা না, যেখানে মানুষকে ছোট করে দেখা হয়।
আজিজ তাকে বসতে বলে, এক গ্লাস পানি এগিয়ে দেয়। এই ছোট ছোট আচরণগুলো খালেকের কাছে অস্বাভাবিক লাগে, কারণ সে অভ্যস্ত নয়।
কাজ করতে করতে খালেকের মনে হয়, তার ভেতরে সারাদিনের সেই চাপা রাগটা একটু একটু করে নরম হয়ে আসছে। সে বুঝতে পারে, সব মানুষ একরকম না। কিছু মানুষ আছে, যারা বোঝে অন্যের কষ্ট, অন্যের প্রয়োজন।
কাজ শেষে আজিজ যখন মজুরি দেয়, তখন সেটা তার হাতে তুলে দেয় সরাসরি, সম্মানের সঙ্গে।
এই মুহূর্তটা খালেকের জন্য অদ্ভুত। সে যেন শুধু টাকা পায় না, সে নিজের একটা অংশ ফিরে পায়।
সন্ধ্যার আলো নেমে এসেছে। খালেক বাড়ির পথে হাঁটছে। তার পা ক্লান্ত, শরীর ক্লান্ত; কিন্তু তার ভেতরে একটা শান্তি আছে।
রাস্তার পাশে এক জায়গায় মেলা বসেছে। পহেলা বৈশাখের উৎসব চলছে। লাল-সাদা পোশাক, হাসি, গান; সবকিছু আগের মতোই আছে। কিন্তু খালেকের চোখে সেগুলো আর আগের মতো লাগে না। কারণ তার ভেতরে কিছু বদলে গেছে। বাড়ি ফেরার পথে পরদিনের জন্য চাল কিনে নিল সে।
বাড়িতে পৌঁছাতেই সুমন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। রহিমা চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে হাজারটা প্রশ্ন।
খালেক মুচকি হেসে বলে, আজ ভাত হইব?
এই কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে একটা বড় স্বস্তি আছে। রহিমার চোখ নরম হয়ে আসে। সে কিছু বলে না, শুধু হাঁড়ির দিকে এগিয়ে যায়।
খালেক চুপচাপ ঘরের সামনে বসে থাকে। তার মনে হয়, আজকের দিনটা অন্যরকম ছিল, সরাটা দিন কোন আশা ছিলো না, বিকেলে অল্প কিছু সময়ের ফেরে আশা ফিরে এসেছিল, টাকা এসেছে, পরদিনের খোরাকির ব্যবস্থা হয়েছে। এসব ভাবতে ভাবতেই একবার আকাশের দিকে তাকালো সে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে সেখানে। একদুটো তারা উঁকি দেয়ার চেষ্টা করছে। সেই তারাগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে বলল,
কী দেখস? মানুষের ভাতের যুদ্ধ দেখতে ভাল্লাগে, তাই না?