Poetry

অদ্ভুত সময়

October 2, 2026

94 views

অদ্ভুত একটা সময় এসেছে শহরে।
স্বপ্নবাজেরা দিনে দিনে খাপছাড়া হয়ে
এখন বাউন্ডুলে হয়ে গেছে।
আর যারা কোনোদিন স্বপ্ন দেখেনি 
তারা এখন ভিশনারি।
তাদের বুকপকেটে গণতন্ত্র,
হাতব্যাগে উন্নয়ন,
কমিশন বাণিজ্যে আংগুল ফুলে কলাগাছ। 
স্বপ্নবাজরা রাস্তায় হাঁটে,
নেতারা মঞ্চে উড়ে উড়ে কথা বলে। 
দুজনের গন্তব্য আলাদা,
অথচ সরকার ব্যানারে লিখে দিয়েছে, 
আমরা একসাথে চলছি।
বুড়ো চা দোকানদার বলে,
ভোট দিয়েছিলাম পরিবর্তনের জন্য।
পরিবর্তন এসেছে,
শুধু চায়ের দাম বেড়েছে।
বক্তৃতার দৈর্ঘ্য বেড়েছে,
আর একদল নতুন ইতরের দল আইন সভায় বসেছে। 

নেতা বলেন, তরুণরাই ভবিষ্যৎ।
তরুণরা পকেটে কলম নয়, মাদক রাখে। 
ভবিষ্যৎটা মুচড়ে রাখে নিজেরাই। 
দেশে পড়ে থাকে
বর্তমানের ফাঁকা মঞ্চ 
আর আগামীকালের মিথ্যে প্রতিশ্রুতিরা।
স্বপ্নবাজেরা জানে,
পার্থক্যটা কোথায়।
তাই তারা খাপছাড়া।
তাই তারা বিপজ্জনক।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 5 hours ago

    খুব ভালো লিখেছেন।শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 4 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

  • Mahfuza Runa 1 week ago

    দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 6 days ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।