আমি একজন মধ্যবিত্ত পরিবারের লোক-
এ কথা শুনে ডাক্তার সাহেব
মৃদু হেসে বললেন,
'ফি কম নিই বলে অনেকে মাইন্ড করে,
অভিজ্ঞতা কম বলে উপহাস করে।'
ডাক্তার সাহেবের কথায়
আমি নিজেই যেন
উপহাসের পাত্র হয়ে গেলাম!
আমার আর ডাক্তার সাহেবের
দুই মিনিটের কথোপকথনের
বাজারদর - এক হাজার টাকা!
যা আমার মতো মধ্যবিত্ত পরিবারের
একজন মানুষের দুই দিনের আয়।
সালাম দিয়ে বেরিয়ে এলাম,
সোজা গেলাম ক্যাশ কাউন্টারে-
টেস্টের ফি জমা দিলাম,
পরীক্ষা শেষে
নীরবে বাড়ি ফিরে এলাম।
অসুস্থ শরীরের চিকিৎসা হয়,
কিন্তু মধ্যবিত্তের অসহায়ত্বের
চিকিৎসা কোথায়?
ভালো থাকাটাও কি এখন
আয়ের ওপর নির্ভরশীল?