কোন সে পাল্লা, তুমি মাপছ আমার পাপ পুণ্য?
তোমার করুণা ছাড়া হিসাব তো আমার সব শূন্য!
তুমিইতো কারিগর, মাটি দিয়ে বানালে এ দেহমন,
ভুলের কুয়াশায় ঢেকে গেছে সব পুণ্য আলোর কিরণ।
তবু কেন দাড়িপাল্লায় তোলো আমার এ দুর্বলতা?
তুমি তো জানো অন্তরের না বলা সব আকুলতা।
আমি কি পারি মেটাতে তোমার নিখুঁত নিয়মের দায়?
ক্ষুদ্র এ মানব কভু তোমার মহিমা কি পায়?
তুমি যদি দাঁড়াও শুধুই বিচারকের কঠিন বেশে,
তবে কোথায় পালাবো, পালাবো কোন দেশে?
যে মাপনীতে মাপো তুমি পাপের পাহাড়, ভুলের ভার,
সে পাল্লায় মেপে দেখো ভালোবাসা ব্যাকুল আমার।
আমি তো সে পথভোলা, যে খোঁজে তোমারি নাম,
প্রতিটি সিজদায় ঝরে আমার আকুলতার ধাম।
পাপের পাল্লা ভারী হলেও ভয়ের নাই তো শেষ,
তোমার রহমতের কাছে তুচ্ছ আমার অপরাধের লেশ।
বিচার নয় প্রভূ, ক্ষমা আর প্রেমে রাখো জড়ায়ে,
আমি যে বেঁচে আছি তোমারই দয়ার হাত বাড়ায়ে।