Poetry

মন মৃত অন্ধকারে

October 8, 2026

3 views

হলদে বিকেলের আকাশে অর্ধেক চাঁদ
শ্রান্ত এই দুচোখের প্রতিবিম্বে,
আজকে আমার আর কোথাও যাবার নেই...
পুকুরের পানিতে দু তিনটে হাঁস
সেই কখন থেকে দেখছি,
নৌকার মতো ভেসে রয়েছে নির্বিকার,
যে জলতরঙ্গে এঁবেবেঁকে ভাসছে
পাড়ে দাঁড়িয়ে থাকা নিরিবিলি নারকেল গাছগুলো,
ভেসে ভেসে সে তরঙ্গিত ছবি যেন
আমার বুকের উঠোন অব্দি চলে এসেছে...

​চোখের নিচে কয়েকদিন হলো
খুব কালি জমেছে
নিশ্ছিদ্র রাতে ঘুম এসেও আসছে না,
মাথার ভিতর থেকে থেকে শূন্য হয়ে যাচ্ছে
জানিনে কেন এমন অকাট্য অসুখ হয়েছে,
রাতে রাস্তায় জ্ব'লে থাকা বাতির মতো
চোখ দুটো যেন অন্ধকারের সিথান ছুঁতে চেয়েছে,
আজকে আমার আর কোথাও যাবার নেই...

​বাতাস থেমে গিয়েছে অনেকক্ষণ
জানালা দিয়ে বাইরে যতদূর চোখ যায়,
দেখছি পায়ে হাঁটা পথটা কেমন
বাঁক নিয়ে যেন হঠাৎ উধাও হয়ে গিয়েছে,
চোখে দেখছি না অথচ পথটা ঠিকই আছে;
এমন কেন হয়েছে এই জীবনের?
যে নেই যে আর আসবে না,
তার নূপুরের আওয়াজ এখনও
.একই ছন্দ মাত্রায় শুনে যাচ্ছি...!

​আজকে আমার আর কোথাও যাবার নেই...
ভুলে গিয়েছি আপন পরের অমসৃণ সংসর্গ
'প্রয়োজন' শব্দটিকে এখন খুব খুব অচেনা লাগছে,
এই ঘরের কোণে একলা পৃথিবীতে
দিনের সমস্ত সূর্যালোক শুষে নেয়া শেষ ক'রে,
খয়েরি সন্ধ্যের নিভৃত নৈবদ্য হাতে
ফিরে যাচ্ছি আবারও অকল্যাণী অন্ধকারে,
সখেদি ভ্রুণের স্মৃতি মহলে...​

একটি ​ শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৬

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login