Post

'নোবেল সাহিত্য পুরস্কার ২০২৬ পেলেন অ্যান কারসন'

October 10, 2026

24 views

একাধারে তিনি কবি, ধ্রুপদী কাব্য-ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক, শিল্পবোদ্ধা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিত্রকলা ও মঞ্চনাট্য সমালোচক এবং অবশ্যই একজন শুদ্ধ সাহিত্যিক...

অ্যান কারসন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে তাঁর ডক্টরাল থিসিস Odi et Amo Ergo Sum প্রকাশ করেন এবং তাঁর সমগ্র কর্মজীবন জুড়ে কবিতা রচনার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুবাদ ও শিক্ষাদানের কাজ চালিয়ে গেছেন। তাঁর প্রায় সমস্ত সাহিত্যকর্মই ফিলোলজিস্টের (ভাষাতাত্ত্বিকের) শব্দপ্রীতি এবং একজন কবির নতুন অর্থ সৃষ্টির আকাঙ্ক্ষার মিলনস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শব্দের ব্যুৎপত্তিকেই তিনি তাঁর সমস্ত কাজের সূচনা বিন্দু হিসেবে চিহ্নিত করেছেন।

ক্ল্যাসিকাল গ্রিক থেকে তাঁর অনুবাদগুলোকে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ সাহিত্যকৃতি হিসেবে গণ্য করা যেতে পারে। এর মধ্যে রয়েছে সাপোর (Sappho) কবিতার অনুবাদ If Not, Winter (২০০২), পাশাপাশি সোফোক্লিসের ট্র্যাজেডি Electra (২০০১) ও Antigone (২০১৫) এবং ইউরিপিডিসের Bakkhai (২০১৫)।

তাঁর দীর্ঘ প্রবন্ধ Eros the Bittersweet (১৯৮৬) - এ কারসন তাঁর পরবর্তী সাহিত্যযাত্রার ভিত্তি স্থাপন করেন। কাম বা 'ইরোস'-কে কবিতার মূল সারবত্তা ও চালিকাশক্তি হিসেবে উপস্থাপন করে রচিত এই উজ্জ্বল মননশীল গ্রন্থটি সাপোর একটি যৌথ বিশেষণ থেকে প্রেরণা নেয়, যেখানে ইরোসকে বেদনা ও মধুরতার এক অপূর্ব মিশ্রণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রেমিক ও প্রিয়জনের মধ্যকার এই দূরত্ব বা ব্যবধানই ইরোসকে শক্তি জোগায় এবং কবিতাকে গতিশীল করে তোলে।

কারসন তাঁর লেখায় বিভিন্ন ভিন্ন কণ্ঠস্বরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে এই আবহ তৈরি করেন। Eros the Bittersweet গ্রন্থে তিনি একটি ‘ত্রিমাত্রিক বা স্টেরিওস্কোপিক দৃষ্টির’ কথা বলেছেন, যা তাঁকে ‘একই সঙ্গে দুটি দৃষ্টিভঙ্গিকে ভারসাম্যে ধরে রাখতে’ সহায়তা করে। এর একটি প্রকৃষ্ট উদাহরণ হলো Economy of the Unlost (১৯৯৯) প্রবন্ধটি, যেখানে কারসন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গ্রিক কবি সিমোনিদেস অব কেওসকে পল সেলানের মুখোমুখি দাঁড় করিয়েছেন।

আবার Men in the Off Hours (২০০০) গ্রন্থে তিনি ইতিহাসবিদ থুসিডাইডসকে ভার্জিনিয়া উলফের সমান্তরালে এনেছেন। এ ধরনের অপ্রত্যাশিত সব সাহিত্যিক বিন্যাসের মাধ্যমেই কারসন আখ্যানমূলক আত্মসত্তাভিত্তিক গীতিবস্থা থেকে বেরিয়ে এসে নতুন ধারার সমসাময়িক সাহিত্যকে অনুপ্রাণিত করেছেন। রচনার এই পদ্ধতি তাকে এমন সব কৌতুকপূর্ণ ও শ্লেষাত্মক কর্মের দিকে নিয়ে গেছে, যা একই সাথে ক্লাসিক্যাল ও আধুনিক কবিতা ও সমকালীন বিভিন্ন সাহিত্য ধারা ও শিল্পমাধ্যমে অবাধে যাতায়াত করে।

নব্বইয়ের দশকে কারসন বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশ করেন। এর মধ্যে একটি হলো Glass, Irony, and God (১৯৯৫)-এর অন্তর্ভুক্ত ‘দ্য গ্লাস এসে’ (‘The Glass Essay’), যা দীর্ঘ কবিতার সম্ভাবনা এবং প্রথাগত সাহিত্যের মূলধারাকে ভেঙে ফেলার ক্ষমতাকে জোরালোভাবে তুলে ধরে। এটি ছন্দে রচিত হলেও, এটি একই সঙ্গে দুঃখ এবং একতরফা প্রেমের একটি দীর্ঘ গল্প, যেখানে স্বামীর দ্বারা পরিত্যক্ত এক নারী চরিত্র নির্জন এক জনপদে তার নিঃসঙ্গ মায়ের সঙ্গে দেখা করতে যান। যাত্রাপথে তিনি সঙ্গে নেন তাঁর প্রিয় লেখক এমিলি ব্রন্টির রচনা, যার নিজস্ব নির্জন প্রান্তর ও অন্তর্জগৎ অত্যন্ত সুচারুভাবে মূল লেখার সঙ্গে বুনোট হয়ে যায়। রান্নাঘরের টেবিলে বসে থাকা তিনজন নিঃসঙ্গ নারীকে কেন্দ্র করে রচিত এই দীর্ঘ কবিতাটি ব্রন্টির একটি সাবলীল পাঠ হিসেবেও নেয়া যায় এবং শেষ পর্যন্ত বঞ্চনা ও পরিত্যাগ বিষয়ক একটি প্রবন্ধে রূপ নেয়। এখানে কবিতার প্রয়োজন হয় গল্পের, আর গল্পটি আবার নির্ভরশীল কবিতার সেই স্বচ্ছন্দ ছন্দ ও দৃশ্য পরিবর্তনের ওপর, যা কারসন অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রয়োগ করেছেন।

এই দশকেই প্রকাশিত হয় তাঁর আরেকটি শ্রেষ্ঠ সাহিত্যকর্ম — Autobiography of Red: A Novel in Verse (১৯৯৮)। এটি ক্লাসিক্যাল সাহিত্য ঐতিহ্যকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতার পরিচয় দেয়।

সমসাময়িক ভাষার চলন ও জীবন অভিজ্ঞতার প্রতি নিখুঁত সংবেদনশীলতা নিয়ে তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গ্রিক কবি স্টেসিচোরোসের ডানাওয়ালা লাল দানব গেরিয়ন সম্পর্কিত কবিতার টুকরো অংশগুলোকে নিজের রচনার ভিত্তি হিসেবে বেছে নেন। মিথ বা পৌরাণিক কাহিনি অনুসারে হারকিউলিস তাঁর একটি শ্রমসাধ্য কাজ সম্পন্ন করার অংশ হিসেবে গেরিয়নকে হত্যা করে তার গবাদিপশু চুরি করেছিলেন, কিন্তু কারসন সেই ভয়ানক দানবটিকে এক আধুনিক Bildungsroman বা আত্মবিকাশমূলক উপন্যাসের আদলে তার মায়ের প্রতি গভীর অনুরাগী একজন কোমল ‘নায়ক’ হিসেবে পুনঃসৃষ্টি করেছেন। অল্প বয়সে নিজের ভাইয়ের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়া তরুণ গেরিয়ন পরবর্তীতে প্রেমে পড়ে অহংকারী ও অভদ্র হারকিউলিসের।

এমন কাউকে ভালোবাসার পরিণতি কী হতে পারে যে এক দিন আপনাকে ধ্বংস করে দেবে? মহাকাব্যিক গুণাবলিসম্পন্ন এই জমকালো কাব্যে এটিই সেই চিরন্তন প্রশ্ন।

কারসন একবার এক সাক্ষাৎকারে একঘেয়েমি বা অলসতাকে তাঁর প্রধান শত্রু হিসেবে বর্ণনা করেছিলেন, এবং এই অবস্থাকে তিনি তীব্র হাস্যরস ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করেছেন। ২০০১ সালে প্রকাশিত The Beauty of the Husband: A Fictional Essay in 29 Tangos গ্রন্থে এক প্রতারক স্বামীর সঙ্গে তীক্ষ্ণ ও শ্লেষাত্মক দাম্পত্য কলহের চিত্র তুলে ধরা হয়েছে, যার ঊনত্রিশটি পর্বের প্রতিটির শুরুতেই রয়েছে রোমান্টিক কবি জন কিটসের পঙ্‌ক্তি। সুন্দরই সত্য, সত্যই সুন্দর — কিটসের এই অবিনশ্বর বাণীগুলোকে নিষ্ঠুর অথচ কৌতুকপূর্ণ ভঙ্গিতে এই ক্লান্তিকর দাম্পত্য সম্পর্কের নাটকের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

কারসনের একটি অবিস্মরণীয় কাজ হলো Nox (২০১০), যা ২০০০ সালে ডেনমার্কে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুর আগে নিখোঁজ থাকা তাঁর ভাই মাইকেলের স্মৃতির উদ্দেশে রচিত। এখানে গভীরে প্রোথিত শোকের এক তীব্র অনুভূতি স্পষ্টভাবে অনুভূত হয়। এর ফলে সৃষ্টি হয়েছে এমন এক শিল্পকর্ম, যা সাহিত্যিক হওয়ার পাশাপাশি অত্যন্ত ভাস্কর্যময় — এটি একটি বইয়ের খাপ বা বাক্সের ভেতর ছবি, চিঠি ও অন্যান্য লিখিত উপকরণের এক অ্যাকর্ডিয়ন-ফোল্ডআউট বা ফিতা সদৃশ অবয়ব, যা তাঁর মৃত ভাইয়ের প্রতি উৎসর্গীকৃত। এছাড়া এখানে রোমান কবি কাটুলাস এবং তাঁর মৃত ভাইয়ের স্মরণে লেখা বিখ্যাত ১০১ নম্বর এলিজির একটি তৃতীয় কণ্ঠস্বর যুক্ত হয়েছে, যা রচনায় এক ঐতিহাসিক ও কালগত গভীরতা এনে দিয়েছে। বিদেশি মাটিতে মারা যাওয়া কাটুলাসের ভাইও মাইকেলের মতোই বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছিলেন। এর পাশাপাশি রয়েছে ওই কবিতার কারসনের অত্যন্ত মর্মস্পর্শী অনুবাদ।

তাঁর সমগ্র সাহিত্যকর্মে কারসন অত্যন্ত সাবলীল ভঙ্গিতে লেখার সম্ভাবনাসমূহ অন্বেষণ করে গেছেন, যে প্রক্রিয়ায় তাঁর কাছে ‘সাহিত্যিক স্কেচ’ বা খসড়া অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে। এর সাক্ষ্য বহন করে ২০১৬ সালের Float গ্রন্থটি, যা ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর লিখিত বাইশটি আলাদা ছোট চ্যাপবুক বা পুস্তিকার সংকলন এবং যেকোনো ক্রমানুসারে পড়া যায়। এ ছাড়া ২০২৪ সালের Wrong Norma গ্রন্থে নানা বিষয়ের বৈচিত্র্যময় লেখার সঙ্গে প্রবল এক পারফরম্যান্সের বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে কারসন বিভিন্ন শৈল্পিক ও অ্যাকাডেমিক ক্ষেত্রের সীমানা অতিক্রম করেছেন। ভিজ্যুয়াল আর্টিস্ট, কোরিওগ্রাফার এবং অপেরা ও থিয়েটার নির্দেশকদের সঙ্গে তাঁর সহযোগিতা প্রমাণ করে যে সাহিত্যিক প্রত্যাশা ও নিয়মনীতির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কতটা মুক্ত ও স্বাধীন।

নব্বইয়ের দশক থেকে আন্তর্জাতিক শিল্প ও সাহিত্য অঙ্গনে তাঁর কাজ যে অনন্য গুরুত্ব লাভ করেছে, তার মূল রহস্য লুকিয়ে রয়েছে এই স্বাধীন সৃষ্টিশীলতার মাঝেই।

— আদ্রেঁ ওলসন
চেয়ার, নোবেল কমিটি

Translated by - Parvez Shishir (Poet, Writer & Essayist), Executive Editor - Jibon Canvas Literary Group

Source - Nobel Prize dot Org / Literature / 2026 / Bio-Bibliography

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login