Poetry

তোমার অপেক্ষায়

October 10, 2026

92 views

তোমার অপেক্ষায় নদীরা দিগভ্রান্ত হয়ে গেছে,
তারা ভুলেই গেছে সমুদ্রের চিরচেনা মানচিত্র।

যে নদীতে একসময় স্নান করতো দূরগামী নক্ষত্রের ছায়া,
সেখানে আজ কেবল তপ্ত বালুচরের দীর্ঘশ্বাস।
আমি এক পরিত্যাক্ত খেয়াঘাটে একাকী বসে দেখি,
কীভাবে স্রোতগুলো পথ ভুল করে হারিয়ে যায় অরণ্যে।
পাহাড়ের বুক চিরে যে কান্না নেমে এসেছিল সমতলে,
তা আর মোহনায় পৌঁছালো না, মাঝপথে শুকিয়ে কাঠ।

তুমি আসবে বলে যে বাতাসের প্রতিশ্রুতির কথা ছিল,
সে বাতাস আজ থমকে আছে এক নিঃসঙ্গ অশ্বত্থের ডালে।
তোমার ফেরার সমস্ত রাস্তা এখন লতাপাতায় ঢেকে গেছে,
পাখিরাও ভুলে গেছে তোমায় ডাকার গোপন নামাবলি।
সময় থেমে আছে আজ এক অচেনা বিষাদের চৌকাঠে,
আর আমি কেবল খুঁজে বেড়াই এই শুষ্ক নদীতে এক ফোঁটা জলের স্মৃতি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed Hossain 46 minutes ago

    তুমি আসবে বলে যে বাতাসের প্রতিশ্রুতির কথা ছিল, সে বাতাস আজ থমকে আছে এক নিঃসঙ্গ অশ্বত্থের ডালে। অপেক্ষার ব্যাপ্তি এখন গুমোট বাতাসের সমার্থক হয়ে গেছে। দারুণ লিখেছেন।

    • Borhan Mahmud 9 minutes ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • mamun abdulla 2 weeks ago

    তোমার অপেক্ষায় নদীরা দিগভ্রান্ত হয়ে গেছে, তারা ভুলেই গেছে সমুদ্রের চিরচেনা মানচিত্র। ভালো লিখেছেন।

    • Borhan Mahmud 2 weeks ago

      ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

  • Habiba Rozy 1 month ago

    খুঁজে বেড়াই শুষ্ক নদীতে একটা জলের স্মৃতি" নস্টালজিক