Poetry

আমি জানি, তুমি খুব ভুলোমনের

October 20, 2026

10 views

আমি জানি, খুব ভুলোমনের মানুষ তুমি।
অথবা গুরুত্বহীন বিষয়গুলোকে মনে রাখো না।

ভুলে যেয়ো, আমাদের এই দারুণ বিকেলগুলোতে হাতে হাত ধরে হাঁটা।
ভুলে যেয়ো, তোমার মেসেজে জবাব না দিলে তুমি উতলা হয়ে যাও।
ভুলে যেয়ো, চারপাশকে লুকিয়ে আশ্চর্য দক্ষতায় তুমি আমার গা ছুঁয়ে দাও।
ভুলে যেয়ো, ওই কৃষ্ণচূড়ার ছায়ায় দাঁড়িয়ে আমার চোখে চোখ রাখার আকুলতা।
ভুলে যেয়ো, কোনো এক শ্রাবণসন্ধ্যায় আমরা পুরনো ঢাকায় গিয়ে পথ হারিয়েছিলাম।
ভুলে যেয়ো, প্রথম অনুরাগে লেখা ব্যাকুল চিঠির সেই ভাঁজ হয়ে যাওয়া পাতা।
ভুলে যেয়ো, শহরজুড়ে রাত্রির নীরবতায় আমাদের অলৌকিক কথোপকথনগুলো।
ভুলে যেয়ো, অভিমানের মেঘ জমে উঠলে আমার বুকজুড়ে তোমার শান্ত আশ্রয়।
ভুলে যেয়ো, চলন্ত বাসের জানলায় বাতাস এসে তোমার চুল উড়িয়ে দেওয়ার দিনগুলো।
ভুলে যেয়ো, একটা কাচ বসানো টিপে তোমাকে দারুণ লাগে, আমি বলেছি।
ভুলে যেয়ো, ভিড়ের মধ্যে তোমার হাত ছুঁতে গেলে আমাকে হারিয়ে ফেলার
আকস্মিক ভয়ে তুমি কান্না করে দিতে ।
ভুলে যেয়ো, বুড়িগঙ্গায় আমরা নৌকায় বসে সুর্যাস্ত দেখেছি বহুবার।
ভুলে যেয়ো, যে নামগুলো কেবল গোপনে আমরা দুজনে নিজেদের ডেকেছিলাম।
ভুলে যেয়ো, আমার গায়ের সুগন্ধী আর তোমার শাড়ির আঁচলের গোপন প্রেমমালা।
ভুলে যেয়ো, তোমার জন্মদিনে দেওয়া সামান্য উপহারের মোড়কে লিখে দেয়া বাক্যগুলো।
ভুলে যেয়ো, মাঝরাতের নীরবতায় জেগে থাকা আমাদের অদৃশ্য অনুভূতির সেতু।
ভুলে যেয়ো, কাচের জানলায় বৃষ্টি নামলে আমার নামে এঁকে দেওয়া তোমার স্পর্শের দাগ।
ভুলে যেয়ো, কোনো বিষণ্ণ দুপুরে মিছিমিছি অকারণে ঝগড়া ঝগড়া অভিনয়।
ভুলে যেয়ো, পথচলতি কোনো চেনা গান বাজলে হঠাৎ থেমে গিয়ে আমার আঙুল ধরা।
ভুলে যেয়ো, গোধূলির মলিন আলোয় আমাদের প্রথম স্বপ্নের রঙিন কোলাজ।
ভুলে যেয়ো, শ্রাবণ শেষ হলে শরতের মেঘেদের থেকে কুড়িয়ে নেওয়া অজস্র কথকতা।
ভুলে যেয়ো, একাকী হেঁটে যাওয়ার অলিতে গলিতে ফেলে আসা আমাদের পায়ের ছাপ।
ভুলে যেয়ো, দূরত্ব বাড়লে ফোনের অপর প্রান্তে জমা হওয়া ক্লান্ত নিশ্বাসের শব্দ।
ভুলে যেয়ো, বিষাদ ছুঁয়ে গেলে আমার হাতে তোমার আঙুলের নীরব সান্ত্বনা।
ভুলে যেয়ো, প্রতিটি বসন্তে কৃষ্ণচূড়ার লাল রঙে নতুন করে বেঁচে ওঠার আকুতি।
ভুলে যেয়ো, আমাদের নীরব ভালোবাসায় জমে ওঠা সহস্র অলিখিত উপন্যাসের ভাষা।
ভুলে যেয়ো, জীবনের কঠিন মোড়ে মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের ভালো রাখার অবোধ শপথ।
ভুলে যেয়ো, বিরহের আতঙ্কে তোমার ওই চঞ্চলা চোখের কোণে জমে থাকা শিশিরবিন্দু।
ভুলে যেয়ো, এক অসীম শূন্যতায় আমার এই হাত দুটো শূন্য রেখে দূরে সরে যাওয়া।
ভুলে যেয়ো, পৃথিবীর সমস্ত নিয়মকে পেছনে ফেলে কেবল আমার অনুরাগে ডুবে থাকা।
ভুলে যেয়ো, এই দীর্ঘ চেনা পথগুলোর সীমানা পেরিয়ে ভালোবাসার চেনা ঠিকানা।
ভুলে যেয়ো, জীবনের ধূসর ক্যানভাসে আমাদের আঁকা রঙিন দিনগুলোর শেষ স্মৃতিস্তূপ।
ভুলে যেয়ো, আমার প্রতি তোমার প্রতিটি অলংকারিক শব্দ, অনুরাগের আবেশময় গান।

আমি জানি, তুমি উচ্চশিক্ষার জন্য অচিরেই সুদূরের এক অচেনা শহরে চলে যাচ্ছ,
তোমার বান্ধবীর মুখ থেকেই জানতে পারলাম, তুমি আমায় বলোনি।
কাজেই তুমি তো এমনিই ভুলে যাবে সবকিছু;
তোমার অবসরের আনন্দ ছিলাম আমি।
আর হ্যাঁ, ভুলে যেয়ো আমাকে ভালোবেসে দিন কাটানোর সমস্ত ইতিহাস!

Picked up where you left off

Comments

Eponon Bd was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Eponon Bd 5 hours ago First reader

    কাজেই তুমি তো এমনিই ভুলে যাবে সবকিছু; তোমার অবসরের আনন্দ ছিলাম আমি। আর হ্যাঁ, ভুলে যেয়ো আমাকে ভালোবেসে দিন কাটানোর সমস্ত ইতিহাস! দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইলো।