তুই তো চলে গেলি, কোনো কথা না বলেই হঠাৎ।
আড্ডার টেবিলের ওপাশে তোর চেয়ার আর চায়ের কাপটা পড়ে থাকে,
স্মৃতির চেনা ধুলো জমে পাহাড় হয়েছে এখন আমাদের এই টেবিলে।
আমি একা একা দিন গুনি, আমাদের চেনাজানার বয়স হিসব করি।
এক সাথে কত রাত আমরা হেঁটেছি এই শহরে খালি পায়ে,
কেন হাঁটতাম, সেটিও মনে নাই। তবে সারারাত আমাদের গল্প হতো।
হঠাৎ বলেও গেলিনা, নাকি সময় পাসনি? বলতে পারতি, আমি চললাম?
মাটির বুক তোকে কখন ডাকল, বাড়িতে তোর বাবা, মা আর ছোট বোনটা
এখনো কান্না করে। চেনাজানা সবাই করে, কেবল আমি ছাড়া।
বুকের গভীর এক তীব্র বিষাদ সুর নিয়ে একা একা হাঁটছি এখনো।
অজানায় চলে গিয়ে আমার বিষণ্ণ কবিতার লাইনে বসে আছিস, তুই।
প্রতিটি বিকেলে মনে হয়, তুই এখনই এসে বলবি,
চল বাইরে যাই, চা খাবো দুজনে।
তোর সাথে ফের দেখা হবে কবে, বন্ধু?