বড় মুখ করে কথাটা বলেই বিপদে পড়ে গেলো সালাম। খুব একটা ভেবে চিন্তে যে বলেছিল, তাও নয়। একটা বিয়ের দাওয়াতে এসেছিলো সে। বিয়ে বাড়িতে এসেই দেখে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে সেখানে। বিয়ে বাড়িতে কান্নার রোল। ঠিক বুঝে উঠতে পারলোনা সে, এখানে কান্নার ঘটনার মতো কি ঘটতে পারে?
এ পরিবারটার সাথে তার ভালো করে চেনা জানা নেই। তার বাসার দুবাসা পরেই মহসিন সাহেবের বাসা। তার তিন মেয়ের মধ্যে বড়োটার বিয়ে হয়ে গেছে আগেই। মেজো মেয়ের বিয়ে। বাসা হতে বেরোলে প্রায়ই দেখা হয়, মাঝে মাঝে কথা হয়েছে। সেই থেকে মুখচেনা। ঐ মুখচেনা থেকেই দাওয়াতটা পেয়েছে সালাম।
বিয়ে বাড়িতে ঢুকেই সালাম থতমত খেয়ে গেলো। বরপক্ষের কেউ আসিনি। সবাই এ পক্ষের দাওয়াতি অতিথি। সবাই কান্না কাটি করছে। সালাম একে ওকে জিজ্ঞেস করে, কেউ কিছু বলছে না। মহসিন সাহেবের সাথে দেখা হতেই তিনি তাকে ধরে কান্নায় ভেঙ্গে পড়ল। মাঝবয়েসী মানুষটা কাঁদতে কাঁদতে তাকে বলল, বরপক্ষ অজ্ঞাত কোন কারণে এ বিয়েতে আসবে না জানিয়ে দিয়েছে। ঠিক এ মূহুর্তে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠানস্থলে আসার পর যদি এ ধরণের সংবাদ আসে, তাহলে তো অবশ্যই সেটা ভয়ানক দুঃসংবাদ। মহসিন সাহেবের জন্যে খারাপ বোধ করতে লাগলো সালাম। স্বান্ত্বনা দিতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলল, বলুন কি করলে আপনার এ কষ্টটা লাঘব হবে?
কথাটা বলার পরই বুঝলো ভুল করে ফেলেছে সে। মহসিন সাহেব তক্ষুনি সেখানে উপস্থিত সালামের বাবার হাত ধরে সালামকেই ভিক্ষা চাইলো। সালামের বাবা একজন নিরীহ গোছের আবেগী মানুষ। তিনি বলে বসলেন,
হায়াত মউত বিয়ে সব আল্লাহ্র হাতে। আল্লাহ্র হুকুম যদি এখানে হয়, তাহলে আমার কি করার আছে ভাই?
মহসিন সাহেব শুধু বললেন, আপনি শুধু বলেন, আপনি রাজী?
-আপনি সালামকে একবার জিজ্ঞেস করেন।সালাম রাজী থাকলে আমি কিছুই বলব না। এক মুসলমানের বিপদে আরেক মুসলমানেরই তো এগিয়ে আসতে হবে- আমি শুধু সেটাই বুঝি। সালামের বাবা মহসিন সাহেবকে বললেন।
মহসিন সাহেবের অবস্থা তখন বিক্ষুব্ধ সাগরে খড়কুটো ধরে বাঁচার আপ্রাণ চেষ্টার মতো। তিনি প্রায় দৌড়ে এসে সালামের হাত ধরে বললেন,
-বাবা, তুমিই পারো এখন আমাদের পরিবারকে বাঁচাতে। নইলে বিয়ের আসরে বিয়ে না হবার ঘটনা ঘটলে এ মেয়ে আত্মহত্যা করবে। তার কণ্ঠে আকুতি ঝরে পড়লো।
সালাম জীবনের সবচেয়ে বড়ো সমস্যার মুখোমুখি পড়লো আজ। পাশে দাঁড়ানো আব্বা আম্মার দিকে তাকালো একবার। সালামের বাবা সালামের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। সালাম শুধু বলল, জী, আমি রাজী।
-আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। বলেই মহসিন সাহেব দৌড়ে বিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন।
বিয়ে বাড়ির ভেতর যেতে যেতে মহসিন সাহেবের মোবাইলে একটা মেসেজ এলো। তিনি মোবাইলটা হাতে নিয়ে সেটা পড়লেন, কে যেন লিখেছে,
একই পদ্ধতিতে দ্বিতীয় মেয়েটার বিয়েও দিয়ে দিলেন? আপনি চ্যাম্পিয়ন, ভাই।
মহসিন সাহেব কোন রিপ্লাই না দিয়ে খুশী খুশী চেহারা করে মেয়েকে যে কক্ষে সাজানো হচ্ছে, সেদিকে পা বাড়ালেন।
Comments
Be this story’s first reader
+40 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.