তোমরা যেদিন শহরে আসবে, দেখবে
একটা রক্তাক্ত জুলাই পড়ে আছে রাজপথে।
তোমরা দেখবে
ক্ষত বিক্ষত জুলাইয়ের গায়ে বুলেটের দাগ।
কান পাতলেই শুনবে
"পানি লাগবে ? পানি লাগবে ?" বলে-
তোমার দিকে এগিয়ে আসছে কেউ।
ওদিকে জুলাইয়ের এক কোণে,
রংপুর ভেসে গেছে মায়ের, বোনের চোখের জলে।
তোমরা যেদিন শহরে আসবে, সেদিন
সাদা ধোঁয়ায় চোখ জ্বলবে না,
শব্দে শব্দে কানে তালা লাগবে না,
উর্দি পরে কেউ ছাত্রের বুকে ট্যাক্স তাক করবে না,
রাস্তায় কোনো জলপাই যান থাকবে না।
শুধু রাস্তার পাশের দেয়ালগুলোতে ছাপা থাকবে রক্তাক্ত জুলাই।
আমি হতে পারতাম সেই জুলাইয়ের কবি,
কবিতায় কবিতায় ছেঁয়ে দিতাম রাজপথ।
আমি সেই কবি,
যার কলমে কবিতার বদলে ছিল আক্ষেপ, ছিল ভয়।
আমি সেই কলম,
যার নিবে কালির বদলে ঝড়েছিল অশ্রু, ছিল ঘৃণা।
আমি সেই কাগজ,
যার পরতে পরতে ছিল ছোপ ছোপ রক্তের দাগ।
আমি জুলাইয়ের কবি হতে চেয়ে
একটা গোটা জুলাই হয়ে রাজপথে পড়ে আছি,
তোমরা যেদিন শহরে আসবে, দেখবে
একটা রক্তাক্ত জুলাই ফুটে আছে কৃষ্ণচূড়া হয়ে।
৩৩ জুলাই ২০২৪ || দূর্গাহাটা