হাজার সাদা ভেলা ভাসে নীল সায়রের গায়,
হাসছে যেন ডাকছে আবার নানান ইশারায়।
আমি কেবল সেদিক পানে চেয়ে
মনে মনে ভাবছি শুধু তোমায় মিষ্টি মেয়ে।
হাত বুলিয়ে নরম কাশের বনে,
তুমি তখন হাঁটছো আপন মনে।
উড়িয়ে আঁচল খেলছো হেসে হেসে,
আমি অবাক চোখে দেখছি দূরে বসে।
এই শরতের শিউলিগুলোও যাচ্ছে ঝরে ঝরে
খুব আদরে তাদের তুমি তুলছো আঁজলা ভরে।
শিশির ভেজা ঘাসের ওপর নুপুর পরে পায়
আঁকছো যে সুর ঝুমুর ঝুমুর মিঠে রোদের গায়।
হঠাৎ তোমার খেয়াল হলো- আমিও আছি দূরে,
হাত নাচিয়ে ডাকছো আমায় খেলার অবসরে।
ঠিক তখুনি ঘোর কেটে যায়, ভাবছি কি-সব বসে,
নিজের মাথায় চাটি কষি, মুচকি একটু হেসে।
আমি এক মস্ত বোকা, স্বপ্ন বুনি চোখে
সুখগুলো তাই উড়িয়ে বেড়াই আকাশ অভিমুখে।
১০ নভেম্বর ২০২৬ || পাবনা