Poetry

অনুকল্প

November 7, 2026

24 views

তুমি আমার হও যদি,

তোমার জন্য বইয়ে দেবো একটা কথার নদী।

আচ্ছা, খুলেই বলি-

ধরো তোমাকে আমি কখনও শুভ সকাল বললাম না,

জানতে চাইলাম না তুমি কেমন আছো।

অথবা ধরো-

তোমার সারাদিনের দিনলিপি আমি শুনতে চাইলাম না,

ক্লান্ত চোখদুটো বন্ধ করার আগে খুব যত্নে বললাম না শুভ রাত্রি।

তার বদলে-

ভোরের আলোয় ঘুম ঘুম চোখে আমি তোমাকে শোনালাম রবীন্দ্রনাথ,

প্রতিউত্তরে তুমি হয়তো দুলাইন জীবনানন্দ শুনালে আমায়।

সুনীল কিংবা হেলাল হাফিজে কেটে গেলো দুপুর

অথবা বিকেলগুলো,

তোমার জন্য দু চার লাইন লিখতে পারি আমিও।

যখন খুব ভালোবাসি বলতে ইচ্ছে করবে

তখন হয়তো রুদ্র মোহম্মদের কাছে গেলাম,

আর ক্রুদ্ধ হলে ডেকে নিলাম নজরুল ।

আমি চাই, আমাদের হাসি, আনন্দ, উচ্ছ্বাস;

মন খারাপ, বেদনা কিংবা কান্নার সুর

উড়ে উড়ে ঠাঁই খুঁজে নিক কবিতায়।

ডায়েরির পাতায় নয়,

মুখে মুখে উচ্চারিত জীবন্ত সব কবিতায়।

আমি চাই, তুমি আমার এমন মানুষ

যার সাথে আমার আড্ডা হবে কবিতায়, কবিতার।

আমার কাঁচা হতের কাঁচা লেখা

যাকে ইচ্ছে হলেই শোনানো যাবে যখন তখন।

তুমি আমার এমন মানুষ

যাকে যখন তখন বলা যাবে-

ঐ যে ঐ কবিতাটা শুনেছো? শোনোনি?

আচ্ছা আমি শুনাই।

কিংবা খুব ভারী গলায় বলা যাবে-

হ্যাঁ, হ্যাঁ, এই এই লাইনটার অর্থ কি বলো তো?

তুমি আমার এমন মানুষ

যার সাথে বুনে ফেলা যাবে

জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ।

আবার তর্ক করা যাবে

শেষের কবিতা কেন কবিতা নয়, সে নিয়েও।

তুমি আমার এমন মানুষ,

যার কাছে সবচেয়ে দামী আবদার হবে কবিতা।

স্নিগ্ধ নদীর মতো কবিতা।

যাকে ভালোবাসা যাবে কবির মতো, কবিতার মতো।

২৮ সেপ্টেম্বর ২০২৪ || পাবনা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login