Story

পুষ্পপুরাণ

November 17, 2026

13 views

সাদাত সায়েম

বেহদ্দ মাতাল অবস্থায় ফিরছিল মেয়েটা। ফারুক সাহেব বাসে উঠে দেখলেন সবার পেছনের সারিতে একটি মাত্র সিট খালি আছে। রাত ১০টা বেজে গেছে। ফার্মগেটে অপেক্ষমাণ যাত্রীর চাপ কিন্তু কমে না। প্রায় পৌনে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর সিটিং সার্ভিস বাসে উঠতে পেরেছেন তিনি, তাই অনেকটা তাড়াহুড়ো করেই বসে পড়লেন। আর তার পরপরই গন্ধটা পেলেন। নাক-মুখ কুঁচকে উঠল তার। গন্ধের উৎস খুঁজতে তিনি এদিক-সেদিক তাকাতে লাগলেন।

‘ভাড়া দেন’ কন্ডাক্টর কথা বলে উঠলে তিনি দেখতে পেলেন বাস ইতোমধ্যে বিজয় সরণি সিগন্যালে পৌঁছে গেছে। তার ডানে বসা ছোকরামতো যাত্রী নোয়ানো মাথা খানিকটা তুলল কন্ডাক্টরের মুখের দিকে, কিন্তু তার চোখে-মুখে মাদকতার চিহ্নমাত্র নেই, শুধু কানে ঝুলছে মোবাইলের হেডফোন। তন্ময় হয়ে গান শুনছিল সে। ছোকরা যাত্রীর কাছ থেকে ভাড়া নিয়ে কন্ডাক্টর এবার ফারুক সাহেবের কাছে ভাড়া চাইল। ফারুক সাহেব বুক পকেট থেকে টাকা বের করে দিতে গিয়ে দেখলেন কন্ডাক্টরের সকল মনোযোগ তার বামে বসা মেয়েটার দিকে কেন্দ্রীভূত হয়েছে। আর একটা রহস্যময় হাসি ফুটে উঠেছে তার চোখে-মুখে।

এমনিতেই বাসের ভেতর আলোর স্বল্পতা। আর শেষ সারির দুই দিকের জানালার পাশের সিট দুটো বলতে গেলে অন্ধকার। ফারুক সাহেব বসার সময় খেয়াল করেছেন তার বাম পাশের প্রায়ান্ধকার সিটটাতে গোলাপি শাড়ি পরা এক মেয়ে বসে আছে, মাথা নিচু করা ঘুমের ভঙ্গিতে। কিন্তু মেয়েটা যখন কন্ডাক্টরের মুখের দিকে তাকাল, ফারুক সাহেব আঁতকে উঠলেন। মেয়েটার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে আর সেই সঙ্গে মদের গন্ধটা আরও প্রকট হয়ে তার নাকে এসে লাগল। তিনি কন্ডাক্টরের মুখের রহস্যময় হাসি আর মদের গন্ধের উৎস থেকে আঁচ করে নিলেন মেয়েটির পেশাগত পরিচয়। ঘটনাচক্রে সম্প্রতি তিনি মার্কেজের ‘মেমরিজ অব মাই মেলানকলি হোরস’ পড়েছেন। ফারুক সাহেব যে ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, সেখানকার এক সহকর্মী বইটা তাকে পড়তে দেন। সহকর্মী আবার পত্রপত্রিকায় লেখালেখিও করেন। বিভিন্ন সামাজিক বিষয়-আশয় নিয়ে প্রবন্ধ। সে রকমই এক লেখার রেশ ধরে বইটা নেওয়া। তবে উপস্থিত মুহূর্তে ফারুক সাহেব মেয়েটার জন্য অবিমিশ্র করুণাবোধের বেশি কিছু অনুভব করলেন না। তিনি অবশ্য খানিকটা ডান দিকে চেপে সরে বসলেন।

পুষ্প অবশ্য কন্ডাক্টরের মুখের রহস্যময় হাসিতে মনোযোগ দেওয়া কিংবা ফারুক সাহেবের করুণাবোধকে আমলে নেওয়ার পরিস্থিতিতে ছিল না। সে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল নেশাটা থেকে বেরিয়ে আসতে। বাড়িতে পৌঁছতে তাকে যেতে হবে আরও অনেকটা দূর। কিন্তু বাসের দুলুনি আর বসন্তের মৃদুমন্দ বাতাস তার সে প্রচেষ্টায় বারবার বাদ সাধছিল। অমোঘ নিয়তির মতো নেশাটা থেকে থেকে তাকে আঁকড়ে ধরছিল। বাড়িতে পৌঁছনোর আগেই তাকে ধাতস্থ হয়ে উঠতে হবে। এই লাইনে সে নতুন। তার পরও সে অনেক নাম ইতোমধ্যে জেনে গেছে—ওয়াইন, শ্যাম্পেইন, কনিয়াক, ব্র্যান্ডি, জিন, ভদকা, হুইস্কি, রাম, বিয়ার। কিন্তু সেসব নাম তার ছেলের পড়ার বইয়ের অক্ষরের মতো তার কাছে ছবির আকারে হাজির থাকে। সেগুলোর আলাদা আলাদা মানে দাঁড় করাতে পারে না সে। আর গাঁজার নাম শোনার ও মহিমা বোঝার জন্য তাকে এ লাইনে ভর্তি হতে হয়নি। তার স্বামী বদ্ধ পাগল হয়ে গেছে জিনিসটার অতি ব্যবহারে। আজকে কাস্টমারটা রুমে ঢোকার সঙ্গে সঙ্গে গ্লাসে করে জিনিসটা হাতে ধরিয়ে দিল। বলল, ‘পুলক জাগা, শরীরে পুলক জাগা।’ পুলক যে কখনো-সখনো জাগে না, ব্যাপারটা কিন্তু সে রকম নয়। কিন্তু আজকে সব গড়বড় হয়ে গেল। পুলকের লেশমাত্র জাগল না তার শরীরে, বরং শরীরটা ঠান্ডা মেরে গেল। সবাই কিন্তু তার শরীরে পুলক জাগল কি জাগল না, তা নিয়ে মাথা ঘামায় না। নিজের বাসনা চরিতার্থ হলো কি না আর টাকাটা উসুল হলো কি না, তা নিয়েই ব্যতিব্যস্ত থাকে। আর বলে-কয়ে তো পুলক জাগানো যায় না। তাই এসব ক্ষেত্রে পুষ্পকে কামভাবের অভিনয়টা চালিয়ে যেতে হয়। কাস্টমার তাকে যথেচ্ছ মদ খাওয়াতে লাগল। তার পরও তার দেহে কোনো পুলক জাগল না আর সে আজ কামের অভিনয় করতেও ব্যর্থ হলো। ফলস্বরূপ, হোটেলের বিছানায় পুলকের দেখা না পেয়ে কাস্টমার খুশি হলো না একদম। তারপর দুজন লোক তাকে ধরাধরি করে বাসে তুলে দিয়েছে। সে আসলে পেশাদার হতে পারেনি।

মিরপুর রুটের বাস আগারগাঁও এলাকা পার হচ্ছে। কিন্তু পুষ্পর নেশাটা কাটছে না কিছুতেই। সে দেখতে পায় রাস্তার পাশের নারিকেলগাছগুলোর মাথায় বাতাসের লুটোপুটি। বাতাস এসে একটার পর একটা গাছের মাথা এলোমেলো করে দিচ্ছে। আর এই প্রেক্ষাপটে তার মানসপটে ভেসে উঠতে লাগল বিলকিস খালার মুখ। পুরো পেমেন্টাই সে আজ পায়নি। আসলে যারা চক্রের বাইরে থাকে, তাদের এই অবস্থা হয়। অথচ বিলকিস খালার অধীনে যেসব মেয়ে থাকে, তাদের কত ঠাট। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিলকিস খালার মেয়েরা তো শুধু এই লাইনে কাজ করেই চলে না, বরং নতুন নতুন মেয়ে বাজারে ছাড়ার ব্যবস্থা করে। আর এই চক্রটা যে কত বড়, এর আগাপাশতলা সম্পর্কে পুষ্পর কোনো ধারণাই নেই!

‘কী লো, জিদ ভাঙল, আমাদের সাথে আয়, ভালো থাকবি, ভালো পরবি।’ বিলকিস খালার এমন প্রস্তাবে সে বলেছিল—‘না খালা, আমি এই সবে নাই।’

‘খা, পড়ে পড়ে কাস্টমারের লাথি-গুতা খা।’

ফারুক সাহেব কিন্তু এসব ঘটনা আর তার ফলে উদ্ভূত চিন্তাপ্রবাহের কিছুই জানেন না। তিনি চিরকাল পুষ্পদের সম্পর্কে এমন এক করুণাবোধ মনে পুষেছেন, যা তাদের বাস্তবতা সম্পর্কে তাকে করে রেখেছে একেবারেই অজ্ঞ। তবে মার্কেজের বইটা পড়ার পর থেকে চিরকুমার ফারুক সাহেবের মনে ডেলগাডিনা বিষয়ক ভাবনা দেখা দেয়। এই ভাবনাটা আরও জোরদার হয় একটা আকস্মিক যোগাযোগে। অফিসে যাওয়ার পথে তাকে এক জায়গায় বাস থেকে নেমে কিছুটা দূরত্ব ফুটপাত ধরে হেঁটে যেতে হয়। প্রতিদিন দেখেন বয়স্কা এক নারী ছেঁড়া নোংরা শাড়িতে নিজেকে ঢেকে জড়সড় ভঙ্গিতে ফুটপাতে বসে ভিক্ষা করছে। তাকে দেখে বোঝা যায় এককালে সুন্দরী ছিল। কিন্তু ভিক্ষা করার মধ্যে তার কোনো কৌশল নেই, এই লাইনে একেবারেই আনাড়ি বলে মনে হয়। পরে তিনি জেনেছেন নারীটি এককালে ডেলগাডিনাদের একজন ছিল। কিন্তু তিনি ‘মেমরিজ অব মাই মেলানকলি হোরস’-এর কেবল এডিটর নন, ফলে ডেলগাডিনাদের বিষয়ে খোঁজখবর বেশি দূর এগোয় না, আর তার কোনো রোজা কাবারকাসের সঙ্গে জানাশোনা নেই।

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের দীর্ঘ যানজট পুষ্পকে ধাতস্থ হতে বেশ খানিকটা সময় দেয়। চক্করটা পার হওয়ার সময় সে বুঝতে পারে নেশাটা কাটতে শুরু করেছে, মাথার ঝিমঝিম ভাব কমতে শুরু করেছে। একটা আরামদায়ক বাতাস বয়ে গেলেও নেশাটা উসকে উঠছে না এবং খুব দ্রুতই বাস পল্লবীতে পৌঁছে যায়। পুষ্প সিট ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে গেলে মাথাটা কিন্তু তার চক্কর দিয়ে ওঠে, তবে সে সামলে নেয়। ঘটনাটা ফারুক সাহেবের চোখ এড়িয়ে যায় না। তিনি বাস থেকে নামার সময় হেলপারকে বলেন, ‘ওই মেয়েটাকে একটু সাবধানে নামিয়ে দিও।’ বাস এখন প্রায় খালি। স্টপেজে স্টপেজে লোকজন নেমে গেছে। ফারুক সাহেবের কথায় হেলপার, কন্ডাক্টর এমনকি ড্রাইভার পর্যন্ত তার দিকে অবাক হয়ে তাকায় এবং পরে মেয়েটিকে দেখে। ১২ নম্বর যাবে এমন যে গুটিকয়েক যাত্রী তখনো বাসে ছিল, তারাও ঘটনাটা কৌতূহলভরে দেখে। পুষ্প বাস থেকে নেমে বেড়িবাঁধ যাওয়ার রিকশা নেয়। রিকশায় বসে সে শরীরের দুলুনিটা আবার টের পায়। চৈতালি হাওয়া ছোটে। রাস্তার দুপাশে মুখোমুখি দাঁড়িয়ে থাকা রেইনট্রিগুলো পার হওয়ার সময় আকাশটাকে দেখে। চাঁদ ফুটে আছে, আর আকাশের গায়ে যত্রতত্র ছড়ানো-ছিটানো সাদা সাদা মেঘ। তারপর আবার বাড়ির ভাবনা ভাবে। নয়ন কি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে? রেহানার মা কি ঠিকমতো খাইয়েছে? পাশের বাড়ির এই বৃদ্ধাকে সে বলে এসেছিল দেখেশুনে রাখতে, তার ফিরতে দেরি হবে। আর কাজটা যে সে কী করে, তা রেহানার মা জানে। তার তো এত তাড়াতাড়ি এভাবে ফেরার কথা নয়, কথা ছিল কাস্টমার গাড়ি করে পৌঁছে দিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে দেখতে পেল হাউজিং প্রকল্পের বুক চিরে এঁকেবেঁকে বেড়িবাঁধ সড়কে উঠেছে যে এবড়োখেবড়ো রাস্তাটা, সেটাই পড়েছে তার রিকশা।

রিকশা বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অযাচিত ঘটনার শিকার হয় পুষ্প। এই জায়গাটা বেশ নীরব। লোকজনের চলাচল এখন চোখে পড়ছে না। সামনে ধূলিধূসরিত রাস্তা। হঠাৎ তিনটা ছেলে রিকশার পথরোধ করে দাঁড়ায়। পুষ্পর কাছে মনে হয় ওরা যেন জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এসেছে। পরক্ষণেই সে দেখতে পায় তাকে টেনে-হিঁচড়ে ছেলে তিনটা নিয়ে যাচ্ছে নির্মাণাধীন একটা বহুতল বাড়ির দিকে। আর রিকশাওয়ালা দ্রুত প্যাডেল মেরে সরে পড়ছে। অযথা ঝামেলায় জড়াতে চায় না সে। তারা যখন পুষ্পকে চেপে ধরে স্যাঁতসেঁতে মেঝের ওপর শুইয়ে দেয়, সে একবার উঠে বসতে চেষ্টা করল। তার প্রতিরোধটা ছিল শুধুই শারীরিক, অযাচিত শারীরিক যন্ত্রণা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা। তাই সেটা খুব বেশি বল পায় না। তিনজনের কেউ না কেউ শক্ত হাতে তার মুখ চেপে ধরে রাখে পালাক্রমে। একসময় তার মুখ থেকে চেপে ধরা হাত সরে গেল। আর ছেলে তিনটা উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটার মধ্যে চিৎকার-চেঁচামেচি করার কোনো লক্ষণ দেখতে পায় না তারা। পুষ্প ধীরে ধীরে নিজের শরীরটা তুলে কুঁজো হয়ে বসল। মদের নেশা কেটে গেছে তার একেবারে। সে ছেলেগুলোর মুখ দেখতে চেষ্টা করল। বাইরে জোছনা থাকলেও ভেতরটা বেশ অন্ধকার। সে তেমন ঠাহর করতে পারল না, শুধু তার মনে হলো ছেলে তিনটার চোখগুলো জ্বলছে। পুষ্প শ্লেষাজড়িত কণ্ঠে বলল, ‘বিশটা টাকা দেন, ব্লাউজটা ছিঁইরা ফালাইছেন।’

ঘটনার আকস্মিকতায় ছেলে তিনটা হতভম্ব হয়ে যায়। লম্বা মতন ছেলেটা মোবাইলের আলো ফেলল পুষ্পর মুখের ওপর। আর তারা এবার মদের গন্ধটা পেল। বেঁটেখাটো ছেলেটা স্বগতোক্তি করার মতো বলল, ‘বাজারি!’ সম্ভাব্য একটা খুনের ঘটনা কিংবা অন্য কোনো ঝামেলা এড়ানো গেছে মনে করে তাদের স্নায়ু অবশ্য শিথিল হয়ে আসে। তবে তার জায়গায় তাদের ভাবনায় হুমড়ি খেয়ে পড়ল এইডসের ভয়। কিন্তু কী আর করা! বেঁটেখাটো ছেলেটা ১০ টাকার একটা নোট বের করে পুষ্পর দিকে ছুড়ে দিল।

বিল্ডিংটা থেকে বেরিয়ে এসেই ছেলে তিনটা ফুরফুরে মেজাজে সিগারেট ধরায়। যদিও এইডস বিষয়ক ভাবনাটা মগজে গেঁথে থাকে। তাদের একজন মোবাইলে সময় দেখে নিয়ে অন্যদের জানায়।

‘দোস্ত, আজকের ম্যাচটা দেখছিস। প্রফেশনাল কাকে বলে! কী বিপদ থেকে দলটাকে টেনে তুলল লেট মিডল অর্ডাররা! আমাদের দেশ হলে কী হতো ভেবে দেখ!’

তৃতীয় ছেলেটার এ কথায় বেঁটেখাটো ছেলেটা বাজে একটা গাল দিয়ে ওঠে। তিনজনই হেসে ওঠে শব্দ করে।

পুষ্প তার সঙ্গে একেবারেই সম্পর্কহীন কথাকয়টা শুনে বিল্ডিংটার বাইরে এসে রাস্তার পাশে দাঁড়ায়। তারপরই তার মাথাটা চক্কর খেয়ে ওঠে। সে হড়হড় করে বমি করতে শুরু করে। মাথাটা দুই হাতে চেপে ধরে বসে পড়ে সে। তারপর তার শক্ত বাঁধুনির শরীর কিন্তু দুর্ভাগ্যবশত ততোধিক অপেশাদার মন নিয়ে এলিয়ে পড়ে রাস্তার পাশে। সে এক ঘোরের মধ্যে চলে যায়। দেখে তার ছেলের সামনে জুঁইফুলের মতো ফুটে আছে এক থালা ভাত। ছেলেটা তার ছড়ায় ছড়ায় টিয়েকে ডেকেই চলেছে। আর জোছনাপ্লাবিত ধুলোর রাস্তা পুষ্পকে মরীচিকার মতো হাতছানি দিয়ে ডাকতে থাকে।

ফারুক সাহেব বাসার সামনে গিয়ে রিকশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কী মনে করে আবার একটা রিকশা নিয়ে বেড়িবাঁধের দিকে রওনা দেন। মেয়েটাকে তিনি বেড়িবাঁধের রিকশা করতেই শুনেছেন। তিনি যখন বোটানিক্যাল গার্ডেনের পাশে হাজির হন, তিনি দেখতে পান তিনটা ছেলে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে গল্প করতে করতে এদিকে আসছে। তার রিকশার পাশ দিয়ে যাওয়ার সময় তারা তাকে তির্যক দৃষ্টিতে দেখে, তবে দাঁড়ায় না। পঞ্চাশোর্ধ্ব ফারুক সাহেব খানিকটা অনিশ্চয়তা বোধ করেন। রিকশা একটু সামনে গেলেই তিনি গোলাপি শাড়ি পরা মেয়েটাকে আবিষ্কার করেন। তবে এখন সে মাটির দিকে মুখ করে পড়ে আছে। হঠাৎ এই পরিস্থিতিতে নিজেকে দেখতে পেয়ে ভয় পেয়ে যান ফারুক সাহেব, তাই রিকশা ঘুরিয়ে ফিরে আসেন। ডেলগাডিনার আসল নামটাও জানা হয় না তার।

আকাশে ফুটে থাকা চাঁদ শুধু পুষ্পর সঙ্গী হয়।

রচনাকাল: ২০১১

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login