মানুষের শৈশব হলো জীবনের সেই সোনালি সিন্দুক, যার ডালা খুললেই ভেসে আসে হারানো দিনের মিষ্টি সুবাস। সেই সিন্দুকের ভেতরে জমা থাকে কত অজানা গল্প, কত নির্মল হাসি, আর এমন কিছু মানুষের মুখ,যাঁরা কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকেন চিরকাল। আমার শৈশবের সেই সোনালি দিনগুলোর পাতায় পাতায় যে নামটি গভীর মমতায় আর ভালোবাসায় জড়িয়ে আছে, তা হলো,আফতার কাকা।
আমাদের গ্রামের নাম জটারকান্দি। ফরিদপুরের নিভৃত, সবুজ এক জনপদ। গ্রামের শেষ প্রান্তে বয়ে গেছে শান্ত এক খাল, আর তার পাড়েই সপ্তাহে দুদিন,রবিবার ও বুধবার,জমজমাট হাট বসে। অবশ্য হাটবার ছাড়াও প্রতিদিন বিকেলে বাজারের মোড়ে বেশ ভিড় জমে। আর সেই বাজারের ঠিক মাঝখানে, একটি পুরোনো পাকুড় গাছের ছায়ায় ছিল আফতার কাকার ছোট্ট টিনের ছাপরা দোকান।
আফতার কাকা বাজারে সিঙাড়া, পুরি, পেঁয়াজু আর আলুর চপ বিক্রি করতেন। লোকটির চেহারায় ছিল এক অদ্ভুত সারল্য। মাথায় কাঁচা-পাকা কোঁকড়ানো চুল, পরনে চেক লুঙ্গি আর গায়ে একটা পুরোনো ফতুয়া। গলায় সবসময় একখানা লাল-সাদা গামছা ঝোলানো থাকত, যা দিয়ে তিনি মাঝে মাঝে কপালের ঘাম মুছতেন। তবে কাকার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাঁর মুখের হাসি। পান খাওয়া লাল ঠোঁটের কোণে সবসময় এমন এক নির্মল, শিশুসুলভ হাসি লেগে থাকত যে, দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়া যেকোনো মানুষই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াত।
আর শীতকাল এলে তো কথাই নেই! অগ্রহায়ণ পেরিয়ে পৌষের কনকনে শীত নামতেই আফতার কাকার দোকানের জৌলুস যেন শতগুণে বেড়ে যেত। শীতের বিকেলে কাকা বানাতেন তাঁর সেই বিখ্যাত ফুলকপির চপ!
আহ্, সেই চপের কী অপার্থিব ঘ্রাণ! আজও চোখ বুজলে আমি যেন স্পষ্ট অনুভব করতে পারি সেই সুবাস। টাটকা ফুলকপির ছোট ছোট টুকরো, তার সাথে আদা, রসুন, জিরা আর কাঁচামরিচের বিশেষ মসলার মাখামাখি, এরপর বেসনের ঘন গোলায় ডুবিয়ে ফুটন্ত সরিষার তেলে ছেড়ে দেওয়া। কড়াইয়ে চপ পড়তেই ছ্যাঁক করে এক মধুর শব্দ হতো, আর সোনালি রঙের ফুলকপির চপগুলো ফুলে উঠে ভাজা হতে থাকলে তার সুবাস পুরো বাজারের বাতাসকে মৌ মৌ করে তুলত।
আমি তখন প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে উঠেছি। স্কুল ছুটি হতো বিকেল চারটায়। ছুটির ঘণ্টা বাজার সাথে সাথেই বই-খাতা ব্যাগে পুরে এক দৌড়ে চলে আসতাম বাজারের মোড়ে, আফতার কাকার দোকানে। আর হাটবার হলে তো কোনো কথাই নেই,হাটের ভিড় ঠেলে আমি ঠিক পৌঁছে যেতাম পাকুড় তলায়। কাকা আমাকে দূর থেকে দেখেই তাঁর সেই চিরচেনা ভঙ্গিতে হেসে উঠতেন। "আরে, আমার ছোট সাহেব আইসা পড়ছে! বসো মিয়া, বসো। এক্ষুনি গরম গরম নামতাছে।"
দোকানের সামনে রাখা একটি নড়বড়ে কাঠের বেঞ্চিতে আমি গিয়ে বসতাম। আমার পা তখনও মাটি পর্যন্ত পুরোপুরি পৌঁছাত না; তাই আমি বেঞ্চিতে বসে দুই পা শূন্যে দুলিয়ে দুলিয়ে কাকার চপ ভাজা দেখতাম। কাকা একটি পুরোনো, কিছুটা তুবড়ে যাওয়া অ্যালুমিনিয়ামের প্লেটে করে দুটো ধোঁয়া ওঠা গরম ফুলকপির চপ, সাথে সামান্য বিট লবণ আর দুটি কাঁচামরিচ আমার সামনে এগিয়ে দিতেন।
আমি চপের গায়ে কামড় দিয়ে চোখ বুজে পরম তৃপ্তিতে খেতাম। বাইরের মুচমুচে বেসনের আবরণ আর ভেতরের নরম, মসলাদার ফুলকপির স্বাদ যেন অমৃতের মতো লাগত। আমার সেই চোখ বুজে, পা দুলিয়ে খাওয়ার দৃশ্যটা আফতার কাকা কাজ থামিয়ে অবাক হয়ে দেখতেন। তাঁর মুখে তখন এক অদ্ভুত প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ত।
খাওয়া শেষ করে আমি যখন প্লেটটা নামিয়ে রেখে জিজ্ঞেস করতাম, "কাকা, কত হইলো?"
কাকা হাত নেড়ে মিষ্টি ধমকের সুরে বলতেন, "যাও মিয়া, তোমারে হিসাব করন লাগব না। তোমার বাপের থাইক্যা টাকা নিয়া নিমুনে। যাও, বাড়ি গিয়া পড়তে বসো।"
আমিও সরল মনে বিশ্বাস করতাম, আব্বা বাজারে এলে নিশ্চয়ই কাকাকে আমার চপের বিল চুকিয়ে দেন। আব্বা গ্রামের একজন সম্মানিত মানুষ, বাজারে তাঁর যথেষ্ট খাতির ছিল। তাই কাকার কথা নিয়ে আমার মনে কখনো কোনো সন্দেহ জাগেনি। বরং প্রতিদিন স্কুল ফেরত বা হাটবারে কাকার দোকানে গিয়ে ফ্রি-তে চপ খাওয়াটা আমার কাছে এক অলিখিত অধিকারের মতো হয়ে দাঁড়িয়েছিল।
সময়ের চাকা কারো জন্য থেমে থাকে না। নদীর স্রোতের মতোই দিনগুলো বয়ে যেতে লাগল। আমি হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠলাম। এরপর উচ্চশিক্ষার তাগিদে গ্রাম ছেড়ে পাড়ি জমালাম ইট-পাথরের শহর ঢাকায়।
বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস, হলের জীবন, ক্লাস, পরীক্ষা, টিউশনি,সব মিলিয়ে জীবনের গতি হঠাৎ করেই ভীষণ বেড়ে গেল। গ্রামের সেই শান্ত বিকেল, পাকুড় গাছের ছায়া আর আফতার কাকার দোকানের কথা ব্যস্ততার আড়ালে কিছুটা চাপা পড়ে গেল। তবুও, শীতের কোনো সন্ধ্যায় যখন ঢাকার ফুটপাতে ভাজাভুজির দোকানগুলোর পাশ দিয়ে হেঁটে যেতাম, নাকে এসে লাগত গরম তেলের ঘ্রাণ,তখনই বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠত। মনে পড়ে যেত আফতার কাকার সেই ফুলকপির চপের কথা, মনে পড়ে যেত বেঞ্চিতে বসে পা দোলানোর সেই সোনালি বিকেলগুলোর কথা।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো। দীর্ঘ অপেক্ষা আর অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ঢাকায় একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেলাম। প্রথম মাসের বেতন হাতে পাওয়ার পর থেকেই মনের ভেতর এক অদ্ভুত তাগিদ অনুভব করছিলাম। মনটা বারবার ছুটে যেতে চাইছিল শেকড়ের কাছে, আমার সেই চিরচেনা জটারকান্দি গ্রামে।
এক শুক্রবার ভোরে বাসে চেপে রওনা হলাম গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক বছর পর গ্রামে ফিরছি। পদ্মা সেতু পেরিয়ে বাস যখন ফরিদপুরের সীমানায় ঢুকল, জানালার কাচ দিয়ে বাইরের সবুজ প্রান্তর দেখে বুকটা ভরে গেল। তখন ছিল পৌষ মাসের মাঝামাঝি। চারদিকে শীতের মিষ্টি রোদ আর কুয়াশার হালকা আস্তরণ।
বাড়িতে পৌঁছে আব্বা-আম্মার সাথে দেখা করে, দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিকেল হতেই আমি পা বাড়ালাম বাজারের দিকে। আমার গন্তব্য একটাই,আফতার কাকার দোকান।
বাজারের চেহারা আগের চেয়ে অনেক বদলে গেছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে, টিনের চালার বদলে উঠেছে ইটের দালান। কিন্তু বাজারের মাঝখানের সেই বুড়ো পাকুড় গাছটা আজও তেমনি দাঁড়িয়ে আছে। গাছটার নিচে তাকাতেই আমার বুকটা আনন্দে নেচে উঠল।
আফতার কাকার সেই ছোট্ট দোকানটা এখনো আছে! তবে আগের মতো অত জৌলুস নেই। পাশেই এখন আধুনিক ফাস্টফুডের দোকান হয়েছে, যেখানে বার্গার, রোল আর চিকেন ফ্রাই বিক্রি হয়। তবুও কাকার কড়াইয়ে সেই চিরচেনা সরিষার তেল ফুটছে।
আমি ধীরে ধীরে দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। কাকা তখন মাথা নিচু করে বেসনের গোলায় ফুলকপির টুকরো ডোবাচ্ছিলেন। বয়সের ভারে কাকার শরীরটা অনেকটাই নুয়ে পড়েছে। মাথার সব চুল ধবধবে সাদা, গালের চামড়ায় বলিরেখা পড়েছে, হাত দুটো সামান্য কাঁপছে। আগের সেই ক্ষিপ্রতা আর নেই, কাজের গতি অনেকটাই ধীর হয়ে গেছে।
আমি ডাকলাম, "কাকা, চিনতে পারছেন?"
কাকা মুখ তুলে তাকালেন। চশমার পুরু কাচের আড়াল দিয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎই তাঁর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, আর পান খাওয়া লাল ঠোঁটে ফুটে উঠল সেই চিরচেনা, অমলিন হাসি!
"আরে! তুই তো আমাগো ছোট সাহেব! কবে আইলি বাবা? কত বড় হইয়া গেছস রে!" কাকা ব্যস্ত হয়ে হাত মুছতে মুছতে বললেন, "বস বাবা, বস। তোর লাইগা এক্ষুনি গরম গরম ফুলকপির চপ ভাজতাছি।"
আমি সেই পুরোনো কাঠের বেঞ্চিটাতে গিয়ে বসলাম। আজ আমার পা মাটি ছুঁয়ে আছে, তবুও মনের ভেতর থেকে সেই শৈশবের কিশোরটা যেন উঁকি দিচ্ছে। কাকা পরম যত্নে দুটো গরম ফুলকপির চপ ভেজে সেই পুরোনো ধরনের অ্যালুমিনিয়ামের প্লেটে করে আমার সামনে এগিয়ে দিলেন।
চপের প্রথম কামড়টা দিতেই আমার চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো। স্বাদটা আজও ঠিক আগের মতোই আছে! এতগুলো বছর পেরিয়ে গেছে, পৃথিবী বদলে গেছে, কিন্তু আফতার কাকার হাতের জাদু আর ভালোবাসা এতটুকু বদলায়নি।
চপ খেতে খেতে কাকার সাথে অনেক গল্প হলো। তাঁর সংসারের খবর, ছেলেমেয়েদের খবর নিলাম। জানলাম, কাকার ছেলে আলাদা সংসার পেতেছে, বৃদ্ধ বয়সে কাকা একাই এই দোকানটা চালিয়ে কোনোমতে দিন গুজরান করেন।
খাওয়া শেষ করে আমি প্লেটটা নামিয়ে রাখলাম। অনেকদিন ধরে মনের ভেতরে জমে থাকা একটা প্রশ্ন আজ কাকাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করল। আমি একটু ইতস্তত করে বললাম, "কাকা, একটা সত্যি কথা বলবেন?"
কাকা কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে বললেন, "কী কথা বাবা? কও।"
"ছোটবেলায় আমি যখন আপনার দোকানে এসে চপ খেতাম, আপনি সবসময় বলতেন,'যাও মিয়া, তোমার বাপের থাইক্যা টাকা নিয়া নিমুনে'। আচ্ছা কাকা, আপনি কি সত্যিই আব্বার কাছ থেকে টাকা নিতেন আমি যে চপ খেতাম তার বিল বাবদ?"
কাকা হাতের কাজ থামিয়ে আমার দিকে তাকালেন। তাঁর চোখে এক অদ্ভুত মায়া। কাকা মৃদু হেসে মাথা নাড়লেন, "না মিয়া, আমি কোনোদিনও তোমার বাপের থাইক্যা এক পয়সাও লই নাই।"
আমি স্তব্ধ হয়ে গেলাম! বিস্ময়ে আমার মুখ থেকে কোনো কথা বেরোল না। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, "কেন কাকা? আপনি তো নিজেই সামান্য আয়ের মানুষ, সারাদিন আগুনের আঁচে দাঁড়িয়ে কষ্ট করে চপ ভেজে বিক্রি করেন। তাহলে আমাকে কেন বছরের পর বছর ফ্রি খাওয়াতেন?"
আফতার কাকা কড়াইয়ের পাশে রাখা কাঠের টুলটাতে বসে দীর্ঘশ্বাস ফেললেন। দূর আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত, দরদী কণ্ঠে বললেন, "বাবা, তুমি যে স্কুল থাইক্যা আইসা ওই বেঞ্চিটাতে বইসা দুই পা ঝুলাইয়া, চোখ বুইজা পরম তৃপ্তিতে চপ খাইতা,অই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগত রে বাবা। মনে হইত, আমার নিজের পোলাডাই যেন বইসা খাইতাছে। তোমার মুখের অই তৃপ্তির হাসি দেখলে আমার সারাদিনের সব ক্লান্তি দূর হইয়া যাইত। সব কিছু কি টাকা দিয়া পাওন যায় মিয়া? কিছু ভালোবাসা থাকে, যার কোনো হিসাব হয় না।"
কাকার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে-মুচড়ে গেল। গলার কাছে একটা দলা পাকিয়ে উঠল। এত নিঃস্বার্থ ভালোবাসাও পৃথিবীতে হয়! কোনো চাওয়া-পাওয়া নেই, কোনো প্রতিদানের আশা নেই,শুধু একটি কিশোরের মুখের তৃপ্তির হাসি দেখার জন্য একজন দরিদ্র মানুষ বছরের পর বছর নিজের ঘাম ঝরানো উপার্জন থেকে ভাগ দিয়েছেন!
আমি চুপ করে কাকার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো, আমি আজীবন এই মানুষটির কাছে ঋণী হয়ে আছি। এমন এক ঋণ, যা পৃথিবীর কোনো অর্থ দিয়ে শোধ করা সম্ভব নয়। ওঠার সময় হলো। আমি পকেট থেকে মানিব্যাগ বের করলাম। চাকরির প্রথম বেতন থেকে কাকার জন্য আলাদা করে রাখা পাঁচ হাজার টাকার একটি বান্ডিল বের করে কাকার ফতুয়ার বুকপকেটে আলতো করে গুঁজে দিলাম।
কাকা চমকে উঠে পকেটে হাত দিলেন। টাকাটা বের করে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, "এ কী করলা মিয়া! এত টাকা ক্যান দিলা? প্রতিদান দিলা মিয়া? আমি তো তোমারে ভালোবেসে খাওয়াইছি!"
কাকার কণ্ঠে অভিমান আর বেদনার সুর স্পষ্ট। আমি ভীষণ লজ্জিত হয়ে গেলাম। তাড়াতাড়ি কাকার হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বললাম, "ছি ছি কাকা, এ কথা বলবেন না! আপনার ভালোবাসার প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই, কোনোদিন হবেও না। আমি আপনাকে চপের দাম বাবদ এই টাকা দিইনি কাকা, এটা আপনার ছোট্ট ভাতিজার পক্ষ থেকে সামান্য ভালোবাসার উপহার। সামনে শীত আরও বাড়বে, আপনি বাজার থেকে সুন্দর একটা সাদা পাঞ্জাবি, একটা নতুন লুঙ্গি আর গরম চাদর কিনে নেবেন।"
কাকা কিছুক্ষণ নির্বাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে টাকাটা বুকের পকেটে রেখে দিলেন। আমি তাকাতেই দেখলাম, চশমার পুরু কাচের আড়াল দিয়ে আফতার কাকার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। বার্ধক্যের বলিরেখা বেয়ে নামা সেই অশ্রুতে মিশে আছে পিতৃস্নেহ আর এক অনাবিল আনন্দ।
আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালাম না। কাকাকে সালাম জানিয়ে দ্রুত পা চালিয়ে বাজারের ভিড়ের ভেতরে মিশে গেলাম,পাছে পেছন ফিরে তাকালে আফতার কাকাও আমার চোখের পানি দেখে ফেলেন!
সেদিন বিকেলে গ্রামের মেঠো পথ ধরে বাড়ি ফেরার সময় আমার মনটা ভীষণ হালকা লাগছিল, আবার একই সাথে এক গভীর উপলব্ধিতে ভরে উঠেছিল। শহরের চাকচিক্য আর কোটি টাকার হিসাব-নিকাশের বাইরেও আমাদের গ্রামবাংলায় এমন কিছু মানুষ আছেন, যাঁরা তাঁদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে আজও সুন্দর করে রেখেছেন। আফতার কাকার কাছে আমার সেই ঋণ কোনোদিন শোধ হবে না,আর আমি চাইও না সেই মধুর ঋণ কোনোদিন শোধ হোক।