Article

ঈদ স্মৃতি

November 20, 2026

42 views

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের সবচেয়ে নির্মল রূপটা লুকিয়ে আছে গ্রামের জীবনে। আজকের প্রজন্মের শিশু-কিশোরদের কাছে হয়তো এসব গল্পের মতো শোনাবে, কিন্তু আমাদের শৈশবের ঈদ ছিলো একেবারেই অন্যরকম—সরল, আন্তরিক আর প্রাণভরা।

ঈদের দিন শুরু হতো ঈদগাহে নামাজ দিয়ে। বৃষ্টির সম্ভাবনা থাকলে আমরা আশ্রয় নিতাম দক্ষিণ নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঈদের আগের দিনগুলোতে ঈদগাহ বা স্কুল পরিষ্কার করা ছিলো এক আনন্দময় আয়োজন। বালতি বালতি পানি ঢালা, বেঞ্চ সরানো, আর কাজের ফাঁকে একে অপরকে ভিজিয়ে দেওয়া—সব মিলিয়ে যেন এক উৎসব। কাজ শেষে সাম চাচার দোকান থেকে চানাচুর আর মুড়ি এনে খাওয়ার আনন্দ ছিলো অপরিসীম। চাঁদ রাত থেকেই বাড়ি বাড়ি ছড়িয়ে পড়তো ঈদের আমেজ।

ঈদের আরেকটি মজার দিক ছিলো ঈদ কার্ড। আমরা ছোটরা দোকান বসাতাম। সমাজকল্যাণ কেন্দ্রের নামে পাতলা কাগজে ছাপানো কার্ড পাঞ্জাবিতে লাগিয়ে দিতাম নামাজে আসা মানুষদের, আর তারা খুশিমনে দিতেন ঈদী। তখন কেউ প্রশ্ন করতো না—এই টাকা কেন নিচ্ছি বা কী করবো। মাঠ সাজানো হতো লাল ত্রিকোণা কাগজ দিয়ে, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলতো।

ঈদের দিন ছিলো ঘুরে বেড়ানোর দিন। এক বাড়ি থেকে আরেক বাড়ি—শরবত, পোলাও, মাংস, আর গল্পে ভরা আড্ডা। মনে আছে, একবার ১৭টি বাড়িতে খেয়েছিলাম! এমন অনেক বাড়ি ছিলো যেখানে সারা বছর যাওয়া হতো না, কিন্তু ঈদের দিন ঠিকই যেতাম। সেই বন্ধনগুলো ছিলো অদ্ভুত মধুর।

ঈদের বিকেলে মাঠে হতো বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল ম্যাচ। নিয়ম-কানুনের বালাই ছিলো না—আনন্দটাই ছিলো আসল। কেউ কেউ বল হাতে নিয়েই গোল করে ফেলতেন, আর আমরা হাসি-উল্লাসে ফেটে পড়তাম।

ঈদের আগে চাঁদ রাতে গ্রামের বড় ভাইয়েরা গরিব মানুষের বাড়িতে চিনি, সেমাই, তেল, পোলাওয়ের চাল পৌঁছে দিতেন। এমন কোনো বাড়ি ছিলো না যেখানে ঈদের দিন ভালো খাবার রান্না হতো না। সবার মুখে ছিলো আনন্দের হাসি।

ঈদের সালামীর সেই কচকচে নতুন টাকা—যেন অমূল্য সম্পদ! তা দিয়ে সেভেন আপ, ফান্টা খাওয়ার আনন্দ ছিলো অন্যরকম। অল্প টাকাতেই নিজেকে ধনী মনে হতো।

আমাদের বাড়িতে ঈদের দিন ছিলো অতিথির ভিড়। মা সবার আগে রান্না শেষ করতেন, কারণ তাঁর রান্না ছিলো বিখ্যাত। সন্ধ্যার মধ্যে খাবার শেষ হয়ে গেলে আবার রান্না বসাতেন। সেই ব্যস্ততা, সেই ভালোবাসা—আজও চোখে ভাসে। ঈদ মানেই ফুপু বাড়ি যাওয়া। মাটির চুলায় রান্না করা দেশি মুরগির বড় রান—তার স্বাদ আজও জিভে লেগে আছে।

ঈদের দিনে নতুন জামা পরে সেজেগুজে ঘুরে বেড়াতো মেয়েরা। চুড়ির রিনিঝিনি শব্দ, পারফিউমের ঘ্রাণ—সব মিলিয়ে এক অন্যরকম আবহ। কেউ প্রিয় মানুষটিকে দেখার জন্য অপেক্ষা করতো, কেউ আবার লাজুক ভঙ্গিতে ঘুরে বেড়াতো।

এমনই এক ঈদের দিনে, এক বাড়িতে খেতে গিয়ে হঠাৎ করেই চোখে পড়ে এক মেয়েকে। নতুন জামা, চুড়ির শব্দ, আর মিষ্টি হাসি—কেন যেন বারবার তাকাতে ইচ্ছে করছিল। কথাও হয়নি ঠিকভাবে, তবুও অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল মনে। ঈদের কয়েকটা দিন যেন তাকে ঘিরেই কেটে গেল—দূর থেকে দেখা, হালকা হাসি, আর না বলা কিছু অনুভূতি।

কিন্তু ঈদ শেষ হতেই সে চলে গেল—হয়তো শহরে, হয়তো অন্য কোথাও। আর কোনোদিন দেখা হয়নি। নামটাও জানা হয়নি ঠিকভাবে। তবুও সেই অল্প সময়ের পরিচয় আজও স্মৃতির পাতায় রয়ে গেছে—একটি অসমাপ্ত গল্প হয়ে।

সবচেয়ে বড় কথা, সেই ঈদে কোনো ভেদাভেদ ছিলো না। ধনী-গরিব, ছোট-বড়—সবাই একসাথে আনন্দ করতো। নামাজ শেষে কোলাকুলি যেন হৃদয়ের দূরত্ব মুছে দিতো।

আজ সেই ঈদের আমেজ যেন কোথাও হারিয়ে গেছে। এখনকার প্রজন্ম মোবাইলের পর্দায় ব্যস্ত, প্রাণখোলা হাসি খুব একটা দেখা যায় না। তাই মাঝে মাঝে মনে হয়—সেই সরল আনন্দগুলোই ছিলো প্রকৃত সুখ।

ঈদ আজও আসে, কিন্তু সেই অনুভূতিগুলো আর আগের মতো ফিরে আসে না। তবুও স্মৃতির ভাঁজে রয়ে গেছে এক টুকরো স্বর্ণালি সময়—আমাদের গ্রামের ঈদ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login